অবৈধ ক্যাম্পাস পরিচালনাকারীদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অবৈধভাবে আউটার ক্যাম্পাস পরিচালনাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিগগির আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় (কুইন্স ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি) আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালিত করছে।শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার নামে ব্যবসা করছে—পত্রপত্রিকায় এমন খবর প্রকাশিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৭ সালে আউটার ক্যাম্পাস ও দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা বন্ধ করে। সরকারের এ আদেশের বিরুদ্ধে দারুল ইহসান ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ও লিডিং ইউনিভার্সিটি মামলা দায়ের করে স্থগিতাদেশ নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।এর মধ্যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে বেশ কিছু আউটার ক্যাম্পাস পরিচালনা করছে বলে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সরকার কর্তৃক আউটার ক্যাম্পাস বন্ধ করার আদেশের বিরুদ্ধে একটি গ্রুপ আদালতে মামলা দায়ের করে স্থগিতাদেশ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। বাকি চারটি গ্রুপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আউটার ক্যাম্পাস খুলে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। ২০০৬ সালে সরকার কর্তৃক বন্ধ করা আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি সরকারের আদেশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে স্থগিতাদেশ নেয়। তারাও দেশের বিভিন্ন অঞ্চলে আউটার ক্যাম্পাস খুলে অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এমন কার্যকলাপের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সরকার শিগগির কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।১২ হাজার স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন বাতিলে হচ্ছে: মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, বর্তমানে দেশে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সংখ্যা ৫৭ হাজার ৯৬৬টি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুনানি গ্রহণ করে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া সংস্থার নিবন্ধন বাতিল করার পদক্ষেপ নিয়েছে। এ পর্যন্ত প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন বাতিলের কাজ প্রক্রিয়াধীন।