সামরিক আইন ও সংবিধান স্থগিত করা অগ্রহণযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত আপিল বিভাগের ১৮৪ পৃষ্টার পূর্ণাঙ্গ রায়ে এ অভিমত দিয়েছেন আদালত। অভিমতে আদালত বলেছেন, এ ধরনের বেআইনি কাজে জড়িতদের শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে অতি উত্সাহী অবৈধ ক্ষমতা দখলকারী জনগণের সংবিধান ও তাদের সম্মতিতে নির্বাচিত সরকারকে অপসারণ না করতে পারে। এ বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে। আমরা সব ধরনের সংবিধান-বহির্ভূত কর্মকাণ্ডকে চিরতরে বিদায় জানাতে চাই। গত ২ ফেব্রুয়ারি তত্কালীন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ কিছু পরিমার্জন ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিল খারিজ করে দেন। ওই দিন আদালত বলেন, ‘পরিমার্জন ও পর্যবেক্ষণ সাপেক্ষে লিভ টু আপিলগুলো খারিজ করা হলো।’ প্রায় পাঁচ মাস পর আজ সন্ধ্যায় পূর্ণ রায় প্রকাশিত হলো।রায়ের অনুলিপি পাওয়ার পর সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ে মোশতাক, সায়েম ও জিয়ার সামরিক শাসন অবৈধ ঘোষণা করা হয়। আপিল বিভাগের রায়ে মার্শাল ল-কে অবৈধ বলা হয়েছে। সংবিধান স্থগিত করা, অংশবিশেষ স্থগিত করা অগ্রহণযোগ্য বলেছেন। যারা ভবিষ্যতে এ রকম করবে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়—সে বিষয়ে বক্তব্য রেখেছেন। মাহবুবে আলম বলেন, উচ্চাভিলাষীদের সংবিধান স্থগিত করা, কাটা-ছেঁড়ার বিষয়ে আদালত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এ ব্যাপারে সংসদ আইন প্রণয়ন করতে পারে। অসাংবিধানিকভাবে যেকোনো উচ্চাভিলাষীদের চিরতরে বিদায় জানানোর কথাও রায়ে বলা হয়। জাতীয়তাবাদের ক্ষেত্রে হাইকোর্ট বাঙালি রেখেছিল। আপিল বিভাগ এ ক্ষেত্রে বাংলাদেশি রেখেছেন। হাইকোর্টের রায়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের (৩৮ অনুচ্ছেদ) কথা বলেছিল, আপিল বিভাগ কী বলেছেন—এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, এ ক্ষেত্রে রদবদল দেখিনি। আপিল বিভাগ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কিছু বলেননি। চার মূলনীতির বিষয়ে কিছু বলা হয়নি। অন্য অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে কী হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের রায় বহাল থাকবে।পঞ্চম সংশোধনী নিয়ে মামলা ও রায়: ১৯৭২ সালে ওয়াইজঘাটের মুন সিনেমা হল পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয়। এ সম্পত্তির মালিকানা ফেরত পেতে ২০০০ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করে ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেন। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাকের রাষ্ট্রক্ষমতা গ্রহণ সংবিধান-বহির্ভূত এবং বেআইনি ঘোষণা করা হয়। একইভাবে ১৯৭৫ সালের ৬ নভেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছে খন্দকার মোশতাকের ক্ষমতা হস্তান্তরও অবৈধ। পাশাপাশি বিচারপতি সায়েমের রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ ও তাঁকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ এবং জিয়াউর রহমানকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগও সংবিধান-বহির্ভূত। তাঁদের সব ধরনের ক্ষমতা প্রয়োগও অবৈধ হিসেবে উল্লেখ করেন আদালত। এ ছাড়া সংবিধানের ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮, ৪২ ও ১৪২ অনুচ্ছেদ মূল সংবিধানে যে রূপে ছিল সে রূপে থাকবে বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়।হাইকোর্টের পর্যবেক্ষণ: ১৯৭৫ সালের ৮ নভেম্বর সামরিক শাসন জারিকেও সংবিধান-বহির্ভূত ও অবৈধ হিসেবে উল্লেখ করেন। জিয়াউর রহমানের কাছে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব অর্পণও ছিল সংবিধান-বহির্ভূত ও অবৈধ। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর সামরিক শাসন জারির মাধ্যমে তাঁকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ সংবিধানের সীমা-বহির্ভূত। তাঁর এ নিয়োগ বেআইনি, সংবিধান-বহির্ভূত ও অবৈধ। একই সঙ্গে পরবর্তী সময়ে তাঁর নেওয়া সব সিদ্ধান্তও অবৈধ। এ বিষয়ে ২২টি পর্যবেক্ষণ দিয়ে রায়ে বলা হয়, যা কিছু করতে হবে অবশ্যই সংবিধান অনুয়ায়ী হতে হবে। সংবিধানের বাইরে কিছুই করা যাবে না। সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই সব কিছু করতে হবে। তবে ওই সময়ে জনকল্যাণে নেওয়া রাষ্ট্রপতি বা সামরিক আইন প্রশাসকের কার্যক্রমকে সমুন্নত রাখা হয়।