অবৈধ ক্ষমতা দখলকারীর সর্বোচ্চ শাস্তির বিধান নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার উপায় খুঁজছে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি। এ জন্য আর্জেন্টিনা, মেক্সিকোসহ বিভিন্ন দেশের সংবিধানে কী আছে, তা খতিয়ে দেখবে কমিটি।গতকাল বৃহস্পতিবার বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটি পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায় এবং নির্দেশনার আলোকে বাহাত্তরের সংবিধানের সঙ্গে বর্তমান সংবিধানের অসংগতি চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে। আইন মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় ও আইন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অসংগতিগুলো চিহ্নিত করা হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এই কমিটির সঙ্গে আলোচনা করে একটি প্রতিবেদন চূড়ান্ত করবেন। এরপর ৮ আগস্ট বেলা ১১টায় বিশেষ কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত ১৫ সদস্যের বিশেষ কমিটির সভায় সভাপতিত্ব করেন সৈয়দা সাজেদা চৌধুরী। সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও অন্যান্য সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, রহমত আলী, ফজলে রাব্বি মিয়া, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ ও শিরীন শারমিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। কমিটির অপর দুই সদস্য আবদুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিম বিদেশে আছেন। বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী শফিক আহমেদের থাকার কথা থাকলেও মন্ত্রিসভার বৈঠকের কারণে তিনি আসতে পারেননি।বৈঠক শেষে কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সামরিক আইন জারির মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ কীভাবে স্থায়ীভাবে বন্ধ করা যায়, বৈঠকে তা আলোচনা হয়েছে। অবৈধ ক্ষমতা দখলকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়। একজন সদস্য জানান, আর্জেন্টিনা ও মেক্সিকো ইতিমধ্যে তাদের সংবিধানে নতুন অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে সামরিক আইন জারি বা অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতা দখলের পথ বন্ধ করেছে। বিশেষ কমিটি এই দেশ দুটির সংবিধান সংগ্রহ করে তা পর্যালোচনা করছে।সভায় কমিটির কাজ সম্পর্কে গণমাধ্যমকে জানানোর জন্য সুরঞ্জিত সেনগুপ্তকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। এর বাইরে অন্য কাউকে এ সম্পর্কে কিছু না বলার অনুরোধ করা হয়। একই সঙ্গে মন্ত্রীদেরও এ বিষয়ে কিছু না বলার জন্য অনুরোধ জানানো হয়েছে।বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত আদালতের পূর্ণাঙ্গ রায় ও নির্দেশনার কপি কমিটি হাতে পেয়েছে। আদালতের এই ঐতিহাসিক রায়কে কমিটি অভিনন্দন জানিয়েছে। গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সুপ্রিম কোর্ট অতীতের মতো এবারও যুগান্তকারী রায় দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই রায় জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বড় ভূমিকা রাখবে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদ নেতা শেখ হাসিনা কমিটিকে যে কর্মপরিকল্পনা দিয়েছেন, তা ব্যাপক। গতকালের বৈঠকে সংসদ নেতার দেওয়া দায়িত্ব ও কাজ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আদালতের নির্দেশনাকে মূল ভিত্তি ধরে এর বাইরেও সামগ্রিক বিষয় নিয়ে কমিটি আলোচনা-পর্যালোচনা করতে পারবে। তিনি জানান, সময়ে সময়ে কমিটি সুপ্রিম কোর্টের আইনজ্ঞদের মতামত নেবে। কমিটি তাদের সাহায্য নেওয়ার চেষ্টা করবে। কাজ চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির সদস্যরা যেন টিভি টক শোসহ অন্য কোথাও এ ব্যাপারে কিছু না বলেন, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীরাও যেন এ ব্যাপারে কোথাও কোনো মন্তব্য না করেন, সে জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের জবাব না দিয়ে সুরঞ্জিত চলে যান।কমিটির একজন সদস্য জানান, বিএনপির প্রতিনিধিত্ব না থাকা নিয়েও বৈঠকে কথা হয়েছে। তবে বিএনপিসহ সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শক্রমে ও মতৈক্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করার পক্ষে কমিটি। যেন ভবিষ্যতে এ নিয়ে কোনো বিতর্ক বা প্রশ্ন না ওঠে। সামরিক আইন জারির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এইচ এম এরশাদ ক্ষমতাসীন মহাজোটে থাকায় সরকারের নৈতিকতার বিষয় নিয়েও সভায় কথা উঠেছে বলে জানান তিনি।প্রসঙ্গত, গত ২১ জুলাই জাতীয় সংসদে এই বিশেষ কমিটি গঠিত হয়।