অবৈধ ঘোষণার রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিন বাজারে মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল খারিজ হওয়ার পর ওই প্রকল্প অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল থাকল বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আইনজীবী।আজ মঙ্গলবার মেট্রো মেকারস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের করা এই আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালে সাভারের আমিন বাজারে মেট্রো মেকারস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মধুমতি মডেল টাউন প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের অনুমতি না থাকা, বন্যাপ্রবাহ এলাকা ও জলাশয় ভরাট করে প্রকল্প শুরু করার বৈধতা চ্যালেঞ্জ করে বেলা হাইকোর্টে একটি রিট আবেদন করে ২০০৪ সালে। প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন আদালত। ২০০৫ সালের ২৭ মে হাইকোর্টের রায়ে ওই প্রকল্প অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বন্যাপ্রবাহ এলাকা সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই প্রকল্পে যেসব ব্যক্তি জমি ক্রয় করেছেন, তাঁদের স্বার্থ বহাল থাকবে বলেও বলা হয়।হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বেলা, মেট্রো মেকারস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও তৃতীয় পক্ষ পৃথক তিনটি আপিল দায়ের করে। এসব আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। পরে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আজ সকালে আদালত বেলার আপিল মঞ্জুর ও অপর দুটি আপিল খারিজ করে রায় ঘোষণা করেন।আদালত সূত্র জানায়, প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখতে মেট্রো মেকারস ডেভেলপমেন্ট লিমিটেড আপিলটি করে। তৃতীয় পক্ষের স্বার্থ বহাল থাকাসংক্রান্ত অংশের বিরুদ্ধে বেলা আপিল করে। আর তৃতীয় পক্ষ নিজেদের স্বার্থসংরক্ষণের জন্য আপিল করে। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী ইকবাল কবির।মেট্রো মেকারস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি, মধুমতির পক্ষে রফিকুল হক, তৃতীয় পক্ষে ছিলেন রোকন উদ্দিন মাহমুদ ও আবদুর রাজ্জাক। আদালত থেকে বেরিয়ে ইকবাল কবির প্রথম আলো ডটকমকে বলেন, তৃতীয় পক্ষের স্বার্থ বহাল থাকাসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বেলার করা আপিল মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া তৃতীয় পক্ষের স্বার্থ রক্ষায় করা সংক্রান্ত আপিল খারিজ করে দিয়েছেন আদালত। ইকবাল কবির আরও বলেন, এ রায়ের ফলে সেখানকার বন্যাপ্রবাহ এলাকা রক্ষা পাবে ও ঢাকার জলাবদ্ধতা হ্রাস হবে। সর্বোপরি অননুমোদিত হাউজিং প্রকল্পগুলো কার্যক্রম পরিচালনায় নিরুত্সাহিত হবে। এ ছাড়া ক্রেতারা নিজেদের স্বার্থ রক্ষায় বিনিয়োগের আগে আইনগত বিষয় খতিয়ে দেখবে।