অবৈধ চাঁদাবাজি বন্ধে ১৭ সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের ৯৩২টি সংগঠনের মধ্যে ৬৮৬টিই অবৈধ। যে কারণে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজির ঘটনা ঘটছে। আজ রোববার শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠকে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা এই তথ্য জানান। বৈঠক শেষে মূল কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরিবহন খাতে যে অবৈধ চাঁদাবাজি চলছে, এর জন্য অবৈধ সংগঠনগুলো দায়ী। কমিটির বৈঠকে মালিক-শ্রমিক সংগঠনগুলো অবৈধ সংগঠন বন্ধ করতে বলেছে। সংসদীয় উপকমিটিও এর সঙ্গে একমত প্রকাশ করেছে।ইসরাফিল আলম আরও বলেন, দেশের সব খাতের মালিকদের সংগঠন জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নেয়। অপরদিকে পরিবহন খাতের মালিক সংগঠনগুলো শ্রম অধিদপ্তর এবং জয়েন্ট স্টক কোম্পানি—এই দুই জায়গা থেকেই নিবন্ধন নিয়ে থাকে। এতে সমস্যা তৈরি হচ্ছে বলে মালিক সংগঠনগুলো মনে করে। তারা শুধু জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নিতে চায়। সংসদীয় উপকমিটি এ বিষয়েও তাদের সঙ্গে একমত প্রকাশ করেছে। সূত্র আরও জানায়, কমিটির মতে সড়ক পরিবহন সংগঠন ও বাস-ট্রাক টার্মিনাল বা ছোট গাড়ির স্ট্যান্ডগুলোতে অবৈধ চাঁদা আদায় ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোলযোগের সৃষ্টি হয়। সব মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালনার ব্যয় বাবদ নির্ধারিত চাঁদা আদায় করার কথা। অথচ বহিরাগত ও স্বার্থান্বেষী মহল বেশির ভাগ ক্ষেত্রেই সুবিধামতো অতিরিক্ত চাঁদা আদায় করছে।কমিটি অবৈধ চাঁদাবাজি বন্ধে ১৭টি সুপারিশ করেছে। বলা হয়েছে, বিধিবহির্ভূত চাঁদা আদায় বন্ধে সরকারি সিদ্ধান্তের পাশাপাশি মালিক, শ্রমিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পুলিশ বিভাগের আন্তরিকতা প্রয়োজন। সুপারিশে আরও বলা হয়েছে, এক জেলার একাধিক স্থানে কোনোভাবেই চাঁদা আদায় করা যাবে না। এক জেলায় একাধিক সংগঠন থাকলে সংশ্লিষ্ট সংগঠনগুলো আলোচনা করে একটি স্থান নির্ধারণ করবে। আন্তজেলা বাস টার্মিনাল ও ফেরিঘাটের চাঁদাবাজি বন্ধে ইজারা পদ্ধতি বাতিল করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠনের মাধ্যমে নির্ধারিত টোল আদায়কারী নিয়োগ করা যেতে পারে।সুপারিশগুলো বাস্তবায়নে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠনেরও প্রস্তাব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের নাম প্রস্তাব করা হয়েছে।ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শহীদুজ্জামান সরকার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত ছিলেন।