ছাত্রত্ব বাতিল হওয়ার পরও অনৈতিক উপায়ে শিক্ষাজীবন চালিয়ে যাওয়া এক ছাত্রীর স্নাতকের সনদ বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এ ঘটনায় আজ বৃহস্পতিবার একটি মামলাও হয়েছে। পুলিশ ওই ছাত্রীকে আটক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে মাস্টার্সে ভর্তি হতে গিয়ে ধরা পড়েন লোকপ্রশাসন বিভাগের ওই ছাত্রী।অস্বচ্ছ প্রক্রিয়ায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়ার অভিযোগে ২০০৯ সালের মার্চ মাসে এই ছাত্রীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেন হাইকোর্ট। কিন্তু এর পরও ফরম পূরণ করে যথারীতি তিনি স্নাতক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফল দেওয়ার কয়েক দিন পরই তিনি নিজের সাময়িক সনদ তুলে নেন। এরপর তিনি মাস্টার্সে ভর্তি হওয়ার আবেদন করেন। কিন্তু তাঁর কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, তাঁর ছাত্রত্বই নেই।এরপর গত মঙ্গলবার তাঁর সনদ বাতিল করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বুধবার সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ওই ছাত্রীর স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফরমে বিভাগের চেয়ারম্যান, হল প্রাধক্ষ্যসহ সবারই স্বাক্ষর ছিল। কীভাবে সেটি হলো, ঘটনা তদন্তে সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আজ প্রথম আলোকে জানান, গতকাল বুধবার রাতে সিন্ডিকেট জরুরি বৈঠক করেছে। ওই ছাত্রীর সনদ বাতিল হয়েছে। এ ঘটনায় মামলাও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছাত্রীকে শাহবাগ থানা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।