নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শীতলক্ষ্যা নদীর উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদারদের হামলায় উচ্ছেদকারী দল ও বিআইডব্লিউটিএর ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যালসের নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা সীমানা-দেয়াল ভাঙতে জেলা প্রশাসন ও বিআইডব্লিটিএ অভিযান চালায়।বিআইডব্লিউটিএর শ্রমিকেরা সীমানা দেয়ালের অবৈধ অংশ ভাঙতে শুরু করলে এসিআই ফার্মাসিউটিক্যালসের মালিকপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে মালিকপক্ষের লোকজনের বাগবিতণ্ডার একপর্যায়ে কারখানার শ্রমিকেরা বিআইডব্লিউটিএর শ্রমিকদের ওপর হামলা চালান।ওষুধ কারখানার শ্রমিকেরা উচ্ছেদকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করতে থাকেন এবং লাঠিসোটা নিয়ে হামলা চালান। হামলায় বিআইডব্লিউটিএর ১৫ জন শ্রমিক আহত হন।এ ঘটনায় এক ঘণ্টা উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকে। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১২টা থেকে আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। পরে এসিআই ফার্মাসিউটিক্যালসের সীমানা-দেয়াল ও একটি গোডাউন ভেঙে ফেলা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার কিংবা মামলা হয়নি।এসিআই ফার্মাসিউটিক্যালসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘উচ্ছেদ অভিযানে কর্তব্যরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামকে আমরা কাগজপত্র দেখাতে চাইলে তিনি কাগজপত্র না দেখেই সামীনা-দেয়াল ভাঙার নির্দেশ দিয়েছেন। তাঁর অদূরদর্শিতার কারণেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই এসিআইয়ের অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উচ্ছেদ কার্যক্রমও চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আহত শ্রমিকদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।