অবৈধ দখলে ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী নেই এখানে—চা, ফুচকা থেকে শুরু করে পেট পুরে খাওয়ার সব ব্যবস্থা। আঙুর, আপেল, কমলাসহ বিভিন্ন ফল-ফলাদি, রান্নাঘরের তৈজসপত্র, কোনটা দরকার? এখানে এলেই পাওয়া যাবে অনেক কিছু। শাহবাগ মোড়ের চারপাশের ফুটপাতগুলো ঘিরে গড়ে উঠেছে হকারদের জমজমাট ব্যবসা। ফুটপাত দখল করে গড়ে উঠেছে ছোট ছোট টঙ দোকান। এতে পথচারীদের চলাফেরায় যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তা বুঝতে বয়েই গেছে নগর কর্তৃপক্ষের।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ বিপণিবিতানের (পুবালী ব্যাংকের সামনে) দিকে যাওয়া ফুটপাত ও ফুটপাতের সামনের রাস্তায় গড়ে উঠেছে অনেক টঙ দোকান। ফুটপাতের ওপর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত কয়েকটি সারিতে বসেছে এসব দোকান। দোকানগুলোর মাঝখানে সামান্য ফাঁকা জায়গা দিয়ে হেঁটে যেতে হয় পথচারীদের। একসঙ্গে দুজন হাঁটা দায়। তাই সড়কে নেমে হাঁটছে কেউ। আবার কেউ কেউ ধাক্কা খেয়ে ফুটপাত ধরেই এগিয়ে যাচ্ছে। এখানে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে টাকা তুলতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি বলেন, ‘এভাবে কি এখানে আসা যায়! এসব দোকান উঠিয়ে দেওয়া দরকার।’ বুথের একপাশে আছে চা-বিস্কুটের দোকান। আর অন্য পাশে রীতিমতো একটা রেস্তোরাঁ গড়ে উঠেছে। এখানে সিঙাড়া, পরোটা—সবই পাওয়া যায়। রয়েছে বসার ব্যবস্থাও। সব মিলিয়ে একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে। এখানে মিনিট খানেকের জন্যও দাঁড়ানো যায় না।অন্যদিকে বারডেম হাসপাতালের সামনের ফুটপাতেও হাঁটা যায় না। হকাররা ফুটপাতের ওপর বসেই কেনাবেচা করছে। আর পথচারীদের হাঁটতে হচ্ছে সড়কে নেমে। এখানে অবশ্য সড়কে নামা অনেক বিপদের। কখন আবার পেছন থেকে বাস এসে ওপরে উঠে বসে।জাতীয় জাদুঘরের সামনে থেকে চারুকলা অনুষদের গেট পর্যন্ত গড়ে উঠেছে প্রায় পঞ্চাশটি ফুচকা ও চায়ের দোকান। শাহবাগ থানার পাশে তো ফুটপাতের কোনো দেখাই মেলে না। এখানের ফুটপাত দখল করে ফুল ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা চালাচ্ছেন। শুধু ফুটপাতই নয়, তাঁরা সড়কের কিছু অংশেও ফুল কেনাবেচা করে থাকেন। ফলে গন্তব্যে যেতে হয় সড়ক ধরে ভয়ে ভয়ে। কেননা চলন্ত গাড়ি আর রিকশার ধাক্কা লাগতে পারে যেকোনো সময়।শাহবাগের মোড়ের ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করে চলাচলের উপযোগী করা হবে কি না, জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘এসব দোকান থেকে সাধারণ মানুষ যেন চা-ফুচকা খেতে পারে, সে জন্য এসব উচ্ছেদ করা হয় না।’ ডিসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ অবশ্য জানালেন, ঢাকা শহরের ফুটপাতে অবৈধ দখলের তালিকা করা হয়েছে। সময়মতো উচ্ছেদ করা হবে।