অবৈধ দোকান উচ্ছেদের পর আবার দখল, আবার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের চকবাজার কাঁচাবাজারের পার্কিং এলাকায় অবৈধ দোকান উচ্ছেদের পর গতকাল বৃহস্পতিবার আবার সেগুলো বসানো হয়েছিল। পরে আবারও সেগুলো উচ্ছেদ করা হয়। এ নিয়ে কাঁচাবাজারের পার্কিং এলাকা ও কেবি আমান আলী সড়ক ও ফুটপাতে বসানো প্রায় ২৫০টি অবৈধ দোকান গত বুধবার থেকে গতকাল বিকেল পর্যন্ত মোট তিন দফায় উচ্ছেদ করতে হয়েছে।জানা যায়, বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার প্রায় ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেন। গতকাল সকালে সেখানে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে আবারও দোকান বসানো হয়। খবর পেয়ে সকালেই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আবারও সেখানে উচ্ছেদ অভিযান চালান। কিন্তু বিকেলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের লোকজন সেখানে গিয়ে আবারও দোকান দেখতে পান। এবার তাঁরা দোকানগুলো উচ্ছেদ করেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘পরিচ্ছন্নতা বিভাগের লোকজনকে বলে দিয়েছি, তাঁরা যেন এসব জায়গার অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফেলেন। তা না করে তাঁরা যদি সেখানে দোকান বসাতে সহযোগিতা করেন, তাহলে প্রয়োজনে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদেরও গ্রেপ্তার করা হবে। এখন থেকে প্রতি সোম ও বুধবার নগরে অবৈধ দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বুধবার চকবাজার কাঁচাবাজার এলাকায় অবৈধ দোকান উচ্ছেদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানাও আদায় করেন। একই স্থানে গতকাল সকালে দ্বিতীয় দফা অভিযানকালে আদালত পরিমল দাশ ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করেন। বুলডোজার দিয়ে অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। কয়েকটি দোকান ফেলে দেওয়া হয় চাক্তাই খালে।গতকাল বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, চক সুপার মার্কেটের কাছে ফলের দোকানগুলো ফুটপাত দখল করে পসরা সাজিয়েছে। কাঁচাবাজারের গাড়ি পার্কিং এলাকায় বসেছে তরিতরকারি, পান-সুপারি, ফলমূল ও মুরগির দোকান। তখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। বেচাকেনা শুরুর আগেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হন। পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক নুরুল আলমসহ কর্মীরা শুরু করেন উচ্ছেদ অভিযান। দোকানিরা মালামাল নিয়ে দৌড়ে পালালে ১০ মিনিটে ওই এলাকা অবৈধ দোকানমুক্ত হয়ে যায়।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নগরের বেশির ভাগ এলাকায় সড়ক দখল করে দোকান গড়ে তোলার পেছনে স্থানীয় কিছু প্রভাবশালী লোক এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের লোকজনের যোগসাজশ রয়েছে। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহম্মেদ বলেন, ‘নগরের সৌন্দর্য ধরে রাখতে হলে সড়ক দখলের এ ধরনের চেষ্টা ব্যর্থ করতে হবে। আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’