অবৈধ পন্থায় ঋণ—তানভীরের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের যে পরিমাণ ঋণ রয়েছে, তার সঙ্গে তাদের সম্পদের কোনো মিল নেই। বর্তমানে তাদের যে পরিমাণ সম্পদ আছে, তা দিয়ে ব্যাংকের দায় পরিশোধ করা সম্ভব নয়। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠকে কমিটির সদস্যরা এই মত দিয়েছেন।সংসদ ভবনে বেলা তিনটায় উপকমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির তলবে সাড়া দিয়ে আলোচিত প্রতিষ্ঠান হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ বৈঠকে অংশ নেন। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে তাঁদের এক ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তানভীর মাহমুদ কমিটির প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তিনি স্বীকার করেছেন, অবৈধ পন্থায় হলমার্কের অনুকূলে সোনালী ব্যাংক থেকে ঋণ আদায় করা হয়েছে। বৈঠক শেষে তানভীর মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বীকার করেছি, ঋণপ্রক্রিয়ায় অনিয়ম ছিল। প্রস্তুতি কম থাকায় আমরা কমিটির প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারিনি। তারা আমাদের কোম্পানির কাগজপত্র, ঋণ অনুমোদনসংক্রান্ত কাগজপত্র ও সম্পদের বিবরণ জমা দিতে বলেছে। আমরা দুই-চার দিনের মধ্যে কমিটির কাছে এসব বিষয় বুঝিয়ে দেব।’সংসদীয় তদন্ত দলের প্রধান তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সার্বিক বিষয়ে প্রশ্ন করে তানভীরের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তবে বৈঠকে তারা অনেক গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ উপস্থাপন করেনি। তাই আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব দলিল-দস্তাবেজ উপস্থাপন করতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হলমার্কের এমডি ও জিএমের সঙ্গে কথা বলার পর এটা স্পষ্ট যে ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। অবৈধ পন্থায় হলমার্ককে দুই হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। তানভীর সেটা স্বীকার করেছেন।’ সংসদীয় উপকমিটির জিজ্ঞাসাবাদের জবাবে তানভীর মাহমুদ বলেছেন, অবৈধভাবে ঋণ নিলেও তিনি বিদেশে কোনো টাকা পাচার করেননি। তিনি জীবনে মাত্র একবার সিঙ্গাপুর গেছেন। এর বাইরে কখনো বিদেশ যাননি। টাকা কবে নাগাদ ফেরত দেবেন, জানতে চাইলে তানভীর কমিটিকে জানান, তাঁদের ৪০ হাজার কর্মী আছে। ব্যবসা অব্যাহত রাখার সুযোগ দিলে ঋণ পরিশোধ করা সম্ভব। তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তদন্ত দলের অপর দুই সদস্য এ কে এম মাইদুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন। কাল বুধবার বেলা তিনটায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সংসদীয় উপকমিটির বৈঠক হওয়ার কথা।