হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ অবৈধ পন্থায় সোনালী ব্যাংক থেকে টাকা নিয়েছেন। অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির কাছে তিনি তা স্বীকার করেছেন। সংসদ ভবনে গতকাল মঙ্গলবার বিকেলে উপকমিটির সামনে হাজির হন হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ। কমিটির সদস্যরা তাঁদের এক ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করেন। বৈঠক শেষে তানভীর মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বীকার করেছি, ঋণ-প্রক্রিয়ায় অনিয়ম ছিল।’ তিনি বলেন, ‘প্রস্তুতি কম থাকায় আমরা কমিটির প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারিনি। তারা আমাদের কোম্পানির কাগজপত্র, ঋণ অনুমোদনসংক্রান্ত কাগজপত্র এবং সম্পদের বিবরণ জমা দিতে বলেছে। আমরা দু-চার দিনের মধ্যে কমিটির কাছে এসব বিষয় বুঝিয়ে দেব।’সংসদীয় তদন্ত দলের প্রধান তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সার্বিক বিষয়ে প্রশ্ন করে হলমার্কের মালিকের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তবে বৈঠকে তাঁরা অনেক গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ উপস্থাপন করেননি। বৃহস্পতিবারের মধ্যে এসব কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। তিনি বলেন, হলমার্কের এমডি ও জিএমের সঙ্গে কথা বলার পর এটা স্পষ্ট, টাকা দেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। অবৈধ পন্থায় হলমার্ককে দুই হাজার ৬৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে। তানভীর সেটা স্বীকারও করেছেন। বৈঠক সূত্র জানায়, কমিটির কাছে তানভীরের উপস্থাপন করা কাগজপত্র অনুযায়ী, বর্তমানে সোনালী ব্যাংকের কাছে হলমার্কের দায়ের পরিমাণ দুই হাজার ২০২ কোটি টাকা। দুটি প্রকল্পে তাঁরা সোনালী ব্যাংকের বোর্ডের অনুমোদন নিয়ে ঋণ নিয়েছেন। এ পর্যন্ত পরিশোধ করেছেন ৪৫৮ কোটি টাকা। এ ছাড়া সাভারের হেমায়েতপুরে তাঁরা যে জমি নিজেদের বলে দাবি করেছেন, তার প্রতি শতাংশের দাম দেখানো হয়েছে ৪০ লাখ টাকা করে। কিন্তু বাস্তবে সেখানে জমির দাম এত বেশি না। সংসদীয় উপকমিটি হলমার্কের উপস্থাপিত এ হিসাবে সন্তুষ্ট হতে পারেনি। কমিটি মনে করে, সম্পদের যে আর্থিক মূল্য দেখানো হয়েছে, তা বানোয়াট ও কল্পিত। তাই বৃহস্পতিবারের মধ্যে দাগ-খতিয়ানসহ জমির হিসাব এবং অন্যান্য সম্পদের সার্বিক হিসাব উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সংসদীয় উপকমিটির জিজ্ঞাসাবাদের জবাবে তানভীর দাবি করেছেন, অবৈধভাবে নিলেও তিনি বিদেশে কোনো টাকা পাচার করেননি। তিনি জীবনে মাত্র একবার সিঙ্গাপুরে গিয়েছেন। এর বাইরে কখনো বিদেশে যাননি। টাকা কবে নাগাদ ফেরত দেবেন, জানতে চাইলে তানভীর কমিটিকে জানান, তাঁদের ৪০ হাজার কর্মী আছেন। ব্যবসা অব্যাহত রাখার সুযোগ দিলে টাকা পরিশোধ করা সম্ভব। বৈঠক শেষে তানভীর মাহমুদ সংসদ ভবনের ভেতরে জাতীয় দৈনিকের কয়েকজন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে বের হওয়ার সময় বাইরে অপেক্ষমাণ টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাম্যানদের দেখে তিনি আবার সংসদ ভবনের ভেতরে চলে যান। শেষ পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করেও টেলিভিশনের সাংবাদিকেরা তাঁর দেখা পাননি। তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে তদন্ত দলের অপর দুই সদস্য এ কে এম মাইদুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন। আজ বেলা তিনটায় একই বিষয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সংসদীয় উপকমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।