অবৈধ প্রকল্প রক্ষায় ড্যাপ সংশোধন!
ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের জন্য অপরিহার্য একটি কাজও করা হয়নি; বরং এখন নতুন কাঠামো পরিকল্পনা প্রণয়নের নামে ড্যাপ সংশোধন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে ভূমিদস্যুদের স্বার্থরক্ষা হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং বেসরকারি কয়েকটি আবাসন কোম্পানির নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে। সূত্রগুলো জানায়, বিদ্যমান ড্যাপে ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্প প্রতিষ্ঠানকে সরিয়ে নেওয়ার যে সুপারিশ করা হয়েছে, নতুন কাঠামো পরিকল্পনায় তার অনেক কিছুই সংশোধন করে দেওয়া হবে।মন্ত্রণালয় ও রাজউক সূত্র জানায়, বর্তমান ড্যাপের মেয়াদ ২০১৫ সালে শেষ হবে। তার আগে পরবর্তী ড্যাপের জন্য নতুন কাঠামো পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ড্যাপ পর্যালোচনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।নগর পরিকল্পনাবিদ ও স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ড্যাপ পর্যালোচনার আইনি অধিকার রাজউকের রয়েছে। কিন্তু ওই পর্যালোচনার আগে বিদ্যমান ড্যাপ বাস্তবায়নেরও বাধ্যবাধকতা রয়েছে। আর বিদ্যমান ড্যাপের কোনো বিষয় বাস্তবায়ন করা না গেলে তা কেন করা গেল না, সে বিষয়ে জনগণকে জানাতে হবে। ইকবাল হাবিব বলেন, আগে দরকার ছিল বিদ্যমান ড্যাপ বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো নির্ধারণ করে অঞ্চলভিত্তিক আপত্তি মীমাংসা করা। প্রতিটি এলাকার বাসিন্দাদের সম্পৃক্ত করে এ কাজ করার কথা ছিল, কিন্তু তার কিছুই করা হয়নি। এ অবস্থায় নতুন কাঠামো পরিকল্পনা করা হলে তাতে অনেক কিছু বদলে দেওয়ার আশঙ্কা থাকে।কী করছে রাজউক: ড্যাপের তিনটি অংশ। প্রথমটি হচ্ছে, মহানগরের প্রতিটি মৌজা ধরে সব জমির শ্রেণীবিন্যাস। অর্থাৎ কোনটি কৃষিজমি, কোনটি আবাসনের, কোনটি বন্যাপ্রবাহ অঞ্চল তা নির্ধারণ। ড্যাপের এই শ্রেণীবিন্যাস কেউ অমান্য করলে রাজউক তার বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু কেউ এটা অমান্য করছে কি না, তা সরেজমিনে দেখা হচ্ছে না।এগুলো দেখার জন্য একটি সাংগঠনিক কাঠামো নির্ধারণ করে দেওয়ার কথা ছিল সাত সদস্যের মন্ত্রিসভা কমিটির। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ওই কমিটি গত দুই বছরে মাত্র একটি সভা করেছে। আর কোনো কাজই হয়নি।দ্বিতীয় অংশ হচ্ছে, ড্যাপ চূড়ান্ত হওয়ার আগে যেসব স্থাপনা বা অবকাঠামো তৈরি হয়ে গেছে, সেগুলো ড্যাপের আলোকে সংশোধন বা পরিশীলিত করা। সংশোধনমূলক এ কাজের আরেক নাম নগর পরিমার্জন বা আরবান রিনিউয়াল। এই অংশ বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ (নন-কনফার্মিং) হিসেবে চিহ্নিত করে সেগুলো সরিয়ে নিয়ে কৃষিজমি, বন্যাপ্রবাহ অঞ্চল ও জলাশয় পুনরুদ্ধার করার কথা। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি ও ১০টি বেসরকারি। ড্যাপের পরিপন্থী এসব প্রকল্পের কোনো কোনোটির বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ও রয়েছে।এসব প্রকল্প অপসারণের জন্যও পূর্বোক্ত কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো অপরিহার্য ছিল। রাজউক বলছে, এগুলো করে দেওয়ার কথা ছিল মন্ত্রিসভা কমিটির। তা না করায় রাজউক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি, পারছে না এবং পারবেও না।ইতিমধ্যে বিভিন্ন আবাসন ও ভূমি উন্নয়ন কোম্পানি মন্ত্রিসভা কমিটির কাছে শতাধিক আবেদন করেছে। এসব আবেদনের বিষয়বস্তু একটাই, তা হলো ড্যাপে চিহ্নিত কৃষিভূমি, বন্যাপ্রবাহ অঞ্চল ও জলাশয়ের জমি পুনরুদ্ধার করে যেন তাদের প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত করা না হয়।সরকার এখন ওই প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত না করার পথেই এগোচ্ছে। জানা গেছে, মন্ত্রিসভা কমিটি আনুষ্ঠানিক বৈঠক না করলেও কমিটির কোনো কোনো সদস্য মাঝেমধ্যে বসে ওই আবেদনগুলো পর্যালোচনা করে রাজউককে করণীয় সম্পর্কে নির্দেশনা দিচ্ছেন। এসব নির্দেশনা প্রকল্পগুলো বহাল রাখার পক্ষেই কি না—জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা মন্ত্রিসভা কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’ ড্যাপ বাস্তবায়িত না হওয়ায় ঢাকা ও ঢাকাবাসী যে স্থায়ী ক্ষতির শিকার হচ্ছে, সেটি সরকারের কাছে গৌণ বিবেচিত হচ্ছে বলে সূত্রগুলোর অভিমত। কিন্তু প্রতিবেশগত দিক দিয়ে রাজধানীর যেসব স্পর্শকাতর এলাকায় কৃষিভূমি, বন্যাপ্রবাহ অঞ্চল ও জলাশয় নষ্ট করে বিভিন্ন প্রকল্প গড়ে তোলা হয়েছে, সেগুলো অপসারণ করে ওই ভূমি পুনরুদ্ধার করা সম্ভব না হলে ড্যাপের কোনো সুফল পাওয়া যাবে না। এ প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান দাবি করেন, তাঁরা সব ক্ষেত্রেই শতভাগ ড্যাপ অনুসরণ করছেন। এর ফলে ঢাকা শহর কিছুটা হলেও রক্ষা পাচ্ছে। তবে তিনি স্বীকার করেন যে ড্যাপে যেসব বড় প্রকল্প অপসারণের সুপারিশ আছে, সেগুলোর একটিও দুই বছরে সরানো সম্ভব হয়নি।তৃতীয় অংশ হচ্ছে, ড্যাপ অনুযায়ী প্রকল্প অনুমোদন দেওয়া। এ ক্ষেত্রেও কেউ প্রকল্প পাস করানোর জন্য রাজউকের কাছে না এলে রাজউক কিছু করে না। জানা গেছে, ড্যাপভুক্ত এলাকায় রাজউকের অনুমোদন ছাড়াই অনেক নির্মাণকাজ করা হচ্ছে। এসব কাজে ড্যাপ লঙ্ঘিত হচ্ছে। কিন্তু রাজউক সেগুলো দেখছে না। রাজউক শুধু কিছু সাইনবোর্ড অপসারণের কাজ করছে।সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘ড্যাব যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। কারও স্বার্থ উদ্ধারের জন্য দরকার হলে ড্যাপ সম্পর্কে নিরব থাকা হয়। কারও স্বার্থে ব্যঘাত সৃষ্টি হলে সেখান থেকে ড্যাপ বাদ দেওয়া হয়। আবার কাউকে আটকাতে হলে সেখানে ড্যাপ ঢোকানো হয়, মন্ত্রিসভা কমিটির পর্যালোচনাধীন থাকার কথা বলা হয়। বর্তমান পরিস্থিতিতে ড্যাপ সুষ্ঠুভাবে বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না।’সরকারি সূত্র জানায়, ড্যাপভুক্ত মোট এলাকার (৫৯০ বর্গমাইল) ৩২ দশমিক ১৮ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে বন্যাপ্রবাহ অঞ্চল, জলাভূমি ও জলাশয় হিসেবে। এই শ্রেণীর ভূমির মধ্যে প্রায় আড়াই হাজার একর ভূমিতে আবাসন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং হচ্ছে। এ ছাড়া ড্যাপভুক্ত এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে দুই হাজার ৭২৪টি ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান। এগুলো বিদ্যমান থাকলে রাজধানী শহরে জলাবদ্ধতা ও বন্যার প্রকোপ বৃদ্ধিসহ প্রতিবেশগত অনেক বিরূপ পরিস্থিতির শিকার হতে হবে নগরবাসীকে। কিন্তু সরকার তথা পূর্বোক্ত মন্ত্রিসভা কমিটি গত প্রায় দুই বছরেও এসব ভূমি পুনরুদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।ড্যাপের প্রেক্ষাপট: যুক্তরাজ্যের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) প্রণীত হয় ১৯৯৩-৯৫ সালে। এতে কাঠামোগত ও নগরায়িত এলাকার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এরপর ওই পরিকল্পনা অনুযায়ী ড্যাপ প্রণয়ন করে সেই অনুযায়ী ঢাকা মহানগরের সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হওয়ার কথা।১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ডিএমডিপি অনুমোদন করে গেজেট প্রকাশ করে। কিন্তু ড্যাপ প্রণয়নের পদক্ষেপ নেওয়া হয় ২০০৪ সালে। ২০০৬ সালে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ২০০৭ সালে। রাজউক পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে ড্যাপের ওপর মতামত আহ্বান ও গ্রহণ করে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ড্যাপ নিয়ে সরকারি পর্যায়ে সভা, আলোচনা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি পর্যালোচনা কমিটি করা হয় ড্যাপ প্রতিবেদন চূড়ান্ত করার জন্য। কমিটি মোট ৩৭টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে।ড্যাপের চূড়ান্ত প্রতিবেদনে ওই সুপারিশসমূহ যথাযথভাবে সন্নিবেশিত হয়েছে কি না, তা পর্যালোচনার জন্য আবার জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ড্যাপের ভূমি ব্যবহারের বিষয়ে প্রাপ্ত অন্যান্য মতামত ও প্রস্তাব প্রচলিত বিধিবিধান ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ করারও দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়। গত বছরের এপ্রিলে কমিটি প্রতিবেদন দাখিল করে।কমিটির সুপারিশ: কমিটি ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলো সরিয়ে নেওয়ার সুপারিশ করে। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি প্রকল্প হচ্ছে: ঝিলমিল আবাসিক প্রকল্পের সম্প্রসারিত অংশ, পানগাঁও কনটেইনার পোর্ট, কেরানীগঞ্জের সোনাকান্দার বিসিক শিল্পনগর, সাভারের বলিয়ারপুরে ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান, কেরানীগঞ্জের প্রস্তাবিত জেলখানা ও কেরানীগঞ্জে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রস্তাবিত প্রশিক্ষণ এলাকার জন্য জমি অধিগ্রহণ প্রকল্প। বেসরকারি ১০টি প্রকল্প হচ্ছে: সাভারের বিলামালিয়ায় মধুমতি মডেল টাউন ও ইস্টার্ন মায়াকানন, দক্ষিণ রামচন্দ্রপুরের অ্যাডভান্সড অ্যাঞ্জেল সিটি, আশুলিয়া মডেল টাউন, কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্প, গাজীপুরের প্রবাসী পল্লী আবাসিক প্রকল্প, টঙ্গী পৌর এলাকার প্রত্যাশা আবাসিক প্রকল্প, উত্তরখানের শতাব্দী হাউজিং, সাভারের উত্তর কাউন্দিয়া মৌজার প্রস্তাবিত আদর্শ শিক্ষক আবাসিক প্রকল্প এবং সাভারের রামচন্দ্রপুরের ঢাকা উদ্যান ও অন্যান্য আবাসিক প্রকল্প। এর অধিকাংশ প্রকল্প অননুমোদিত।