অবৈধ প্রচারণা উপকরণ পরিদর্শনে রিটার্নিং কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার উপকরণ সরানোর সময় গতকাল বুধবার রাত ১২টায় শেষ হয়েছে। সময় শেষ হলেও প্রকৃত অর্থেই এসব প্রচারপত্র, পোস্টার, বিলবোর্ড, ব্যানার সরানো হয়েছে কি না, তা পরিদর্শনে আজ বৃহস্পতিবার বের হচ্ছেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ এবং ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মিজানুর রহমান। পরিদর্শনকালে, তাঁদের সঙ্গে পুলিশ প্রশাসনও থাকবে। গতকাল রাতেই নির্বাচন কমিশন থেকে সিটি করপোরেশনকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে, অবৈধ প্রচারপত্র উপকরণ থাকলে তা সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে।রিটার্নিং কর্মকর্তাদের পরিদর্শনকালে কোনো সম্ভাব্য প্রার্থীর প্রচারণা উপকরণ পাওয়া গেলে তাঁকে জানানো হবে। নয়তো পুলিশ এসব উপকরণ অপসারণ করবেন বলেও উল্লেখ করা হয়েছে। ১০ এপ্রিল সিটি করপোরেশন এক প্রজ্ঞাপন জারি করে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণার উপকরণ নিজ উদ্যোগ ও খরচে অপসারণের নির্দেশ দেয়। একই সঙ্গে নির্বাচনী প্রচারণামূলক দেয়াল লিখনও মুছে ফেলার কথাও বলা হয়। অপসারণ করা না হলে নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী এ ধরনের অপরাধে প্রার্থীর প্রার্থিতা বাতিল করার অধিকার রাখেন ইসি। এদিকে আজ বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে জেলা নির্বাচন কার্যালয় থেকে ঢাকা উত্তরের সম্ভাব্য প্রার্থী জাসদ নেতা শিরীন আখতার এবং আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী আগামী ২৪ মে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মে।