অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এর ফলে সেখানে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। তাঁদের কেউ দেশে ফিরতে চাইলে সেই সুযোগও পাবেন।মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এবং বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, মালয়েশিয়ার এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক।মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, ১৬ মে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার সিদ্ধান্ত হয়। এর প্রক্রিয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির মন্ত্রিসভা। এরপর এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।জানতে চাইলে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মালয়েশিয়া অবৈধ বাংলাদেশিদের বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তাঁরা বৈধভাবে এখানে থাকতে পারবেন। দীর্ঘদিন ধরে অবৈধ শ্রমিকেরা এই দাবি জানাচ্ছিলেন। এ ছাড়া এই সুযোগে কেউ যদি দেশে ফিরতে চান, তা-ও পারবেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলাম, কোনো জরিমানা করা হবে কি না। তারা বলেছে, অবৈধ হয়ে পড়ারা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।’ তিনি বলেন, জুন কিংবা জুলাইয়ে বৈধ করার প্রক্রিয়া শুরু হয়ে তিন মাসের মধ্যে শেষ হবে। সব অবৈধ শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পাবেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের এই সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রীও মালয়েশিয়া সফর করেন। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হওয়া খুবই ইতিবাচক।’মালয়েশিয়া ২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে। এতে তিন বছরের চুক্তিতে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় সেখানে যাওয়া বাংলাদেশিরা অবৈধ হয়ে পড়েন। অবৈধ হওয়ায় তাঁরা দেশেও ফিরতে পারছেন না।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০০৭ সালে দুই লাখ ৭৩ হাজার ২০১ জন এবং ২০০৮ সালে এক লাখ ৩১ হাজার ৭৬২ জন বাংলাদেশি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তাঁদের দুরবস্থা নিয়ে গত ডিসেম্বরে প্রথম আলোয় ধারাবাহিক সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়।মালয়েশিয়ার অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা কারাম এশিয়ার প্রধান হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, কলিং ভিসায় আসা বাংলাদেশি শ্রমিকদের শিগগিরই বৈধ করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। এটি খুবই ইতিবাচক সিদ্ধান্ত। ওই শ্রমিকেরা গ্রেপ্তারের আতঙ্কসহ নানা বিপদে আছেন।পাসপোর্ট নিয়ে জটিলতা: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, কলিং ভিসায় যাওয়া বেশির ভাগ শ্রমিক কোম্পানি বদলেছেন। তাঁদের বেশির ভাগের হাতে পাসপোর্ট নেই। তাই বৈধ করার সময় তাঁদের নতুন পাসপোর্ট দিতে হবে। কিন্তু এত অল্প সময়ে যন্ত্রে পাঠযোগ্য বিপুলসংখ্যক পাসপোর্ট (এমআরপি) দেওয়া হাইকমিশনের পক্ষে অসম্ভব।মন্ত্রণালয় সূত্র জানায়, এ ব্যাপারে করণীয় জানতে চেয়ে হাইকমিশনের শ্রম শাখা থেকে মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে তিন লাখ নতুন পাসপোর্ট বই না পাঠালে মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া তিন লাখ বাংলাদেশি কর্মীর পক্ষে বৈধতা পাওয়ার সুযোগ গ্রহণ সম্ভব নয়।এ বিষয়ে মন্টু কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘একবারে কত পাসপোর্ট লাগবে, সেটা আমরা বলতে পারছি না। তবে ধারণা করছি, তিন লাখ পাসপোর্ট লাগবে। সবাইকে এমআরপি পাসপোর্ট দিতে পারলে ভালো। কিন্তু একবারে দূতাবাসের পক্ষে এত এমআরপি করা কঠিন।’প্রবাসীকল্যাণসচিব বলেন, ‘দ্রুত পাসপোর্ট বই তৈরির উদ্যোগ নিতে স্বরাষ্ট্রসচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে আমরা অনুরোধ জানিয়েছি। এমআরপি আমাদের প্রথম পছন্দ। আমরা চাই সব শ্রমিককে এমআরপি দিতে। আগামী সপ্তাহে জরুরি বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমরা কোনোভাবেই শ্রমিকদের বৈধ করার এই সুযোগ নষ্ট করতে চাই না। এ জন্য হাইকমিশনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’