অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু করতে ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত অবৈধ বিলবোর্ড অপসারণে সহযোগিতা করার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। এদিকে বিলবোর্ড অপসারণে ঢাকা সিটি করপোরেশনকে সহযোগিতা না করার কারণ জানাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে গতকাল রোববার রিট আবেদন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)। আবেদনে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি চাওয়া হয় বৈধ বিলবোর্ডগুলো যথাযথভাবে স্থাপন করা হয়েছে কি না, নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না—এসব বিষয় তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও। উল্লেখ্য, গত ১৫ মার্চ বিলবোর্ডে চাপা পড়ে রাজধানীতে দুই ব্যক্তির মৃত্যু হয়। ঢাকা সিটি করপোরেশন ১৮ মার্চ অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করলেও শাহবাগ থানার পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করেনি। রাজধানীতে বৈধ বিলবোর্ড ও মেগাসাইনের সংখ্যা প্রায় ৫০০। অথচ অবৈধ বিলবোর্ড রয়েছে এর পাঁচ গুণ অর্থাত্ প্রায় দুই হাজার ৫০০টি।