অবৈধ ব্যাংকিং করছে নিউওয়ে!
বছরে ৫০ শতাংশ সুদ দিয়ে দুই বছরে মূলধন দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে কথিত বহুধাপের বিপণন কোম্পানি নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। পাশাপাশি ডেসটিনি-২০০০ লিমিটেডের আদলে তারা বহুধাপের বিপণনের নামেও অর্থ সংগ্রহ করছে।সমবায় অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নিউওয়ের এই কার্যক্রমকে ‘অবৈধ ব্যাংকিং’ বলে অভিহিত করেছেন। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে ‘ব্যবস্থা গ্রহণের’ সুপারিশও করেছে। ইতিমধ্যে চট্টগ্রামে নিউওয়ের মেয়াদি বিনিয়োগ প্রকল্পে আমানতকারীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া তাদের বহুধাপের বিপণন কার্যক্রমে গ্রাহকসংখ্যা প্রায় ২৫ হাজার বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গ্লোবাল নিউওয়ে নামে আমানত সংগ্রহ ও কথিত বহুধাপের বিপণন কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, বহুধাপের বিপণনে বিনিয়োগ করলে দৈনিক ১৮ হাজার ৩০০ টাকা এবং মাসে তিন লাখ ৬৬ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিলেও চট্টগ্রামে কাজ করার জন্য নিউওয়ে কোনো ছাড়পত্র নেয়নি। এ জন্য সমবায় কার্যালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে নিউওয়ের অবৈধভাবে ব্যাংকিংয়ের প্রমাণ মিলেছে। সমবায় আইন অনুযায়ী, ছাড়পত্র পাওয়ার পরও এ ধরনের ব্যাংকিং করা অবৈধ বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘নগরের দামপাড়ায় নিউওয়ের কার্যালয়। নিউওয়ে “মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.” শিরোনামে ব্র্যাক ব্যাংক কাজীর দেউড়ি শাখায় একটি হিসাব (১৫০৭২০২১১২৯৫৭০০১) খুলে আমানত সংগ্রহ করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো।’ এ প্রসঙ্গে জেলা সমবায় কর্মকর্তা রিয়াজুল কবীর বলেন, ‘নিউওয়ে ঢাকার সমবায় দপ্তরের একটি নিবন্ধন নিয়ে এখানেও আমানত সংগ্রহ করছে। এটা অবৈধ। আর কেউ নিবন্ধন নিলেই এভাবে আমানত সংগ্রহ করতে পারে না। আমানতের (টাকা) দৃশ্যমান বিনিয়োগ দেখাতে হবে।’এদিকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র অপরিহার্য বিষয় হলেও নিউওয়ের সেটি নেই বলে বাংলাদেশ ব্যাংক সূত্র নিশ্চিত করেছে। নিউওয়ের কোনো ছাড়পত্র নেই নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মো. মাসুম কামাল ভুঁইয়া বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া অন্য কোনো দপ্তরের ছাড়পত্র নিয়ে কেউ ব্যাংকিং লেনদেন করতে পারবে না। কেউ যদি মানুষের কাছ থেকে এভাবে আমানত সংগ্রহ করে সেটা অবৈধ।’ তিনি বলেন, ‘যেখানে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকগুলো ১২ শতাংশের বেশি সুদ দিতে পারে না, সেখানে ডেসটিনি, ইউনিপেটুইউ, নিউওয়ে—এরা কীভাবে ৫০ শতাংশ সুদ দেয়? এ রকম অনেক এমএলএম কোম্পানি রয়েছে, যারা এ ধরনের ব্যবসা করে যাচ্ছে। প্রথম প্রথম কিছু কিছু টাকা দিচ্ছে, তারপর পালিয়ে যাচ্ছে। আমাদের নজরে এলে আমরা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’ যেভাবে প্রলোভন দেওয়া হচ্ছে: খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে গত এপ্রিল পর্যন্ত এক বছরে মূলধন দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহ করেছিল নিউওয়ে। গত মে মাস থেকে এটি দুই বছরে দ্বিগুণ করার কথা বলে আমানত নিচ্ছে। মেয়াদি বিনিয়োগ প্রকল্পে শুধু চট্টগ্রামেই তাদের গ্রাহকসংখ্যা পাঁচ হাজারের বেশি বলে জানা গেছে। গ্রাহক সেজে এই প্রতিবেদক নিউওয়ের চট্টগ্রামের কার্যালয়ে গেলে সেখানে সাইফুল ইসলাম ও মো. রেজোয়ান নামের দুই ব্যক্তি নিজেদের গ্লোবাল নিউওয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে মেয়াদি বিনিয়োগ প্রকল্প ও বহুধাপের বিপণন সম্পর্কে বোঝান। তাঁরা দাবি করেন, ২৫ হাজার থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত রাখা যাবে, যা দুই বছরে দ্বিগুণ হবে। জমা দেওয়ার পর থেকে প্রতি মাসে কিস্তি আকারে সুদসহ টাকা গ্রাহককে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। এ ছাড়া বহুধাপের বিপণনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ হাজার টাকা রেখে সদস্যভুক্তির পর নতুন সদস্য আনতে পারলে ধাপে ধাপে কমিশন দেওয়া হবে বলে তাঁরা দাবি করেন। তাঁরা বলেন, প্রথম ধাপে দেড় হাজার, দ্বিতীয় ধাপে দুই হাজার ৪০০; এভাবে ১৮ হাজার ৩০০ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হবে। সদস্যভুক্তির সময় পণ্য ক্রয়ের কথা বলা হলেও তাঁদের কার্যালয়ে কোনো পণ্য দেখা যায়নি। দলে দলে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষকে নিউওয়ের কার্যালয়ে ভিড় করতে দেখা গেছে। সাধারণ লোককে নিউওয়ের প্রতি আগ্রহী করার জন্য এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর করেছে বলেও তাঁরা প্রচার করে থাকেন।ওই কোম্পানির চেয়ারম্যান সনজিত কুমার দাশ ও ভাইস চেয়ারম্যান এ এস এম সামশুদোহা তৌফিক বলে জানা গেছে। নিউওয়ে কর্তৃপক্ষের বক্তব্য: এ প্রসঙ্গে জানতে চাইলে নিউওয়ে এজেন্সি চট্টগ্রামের কন্ট্রোলার এ এস এম সামশুদোহা তৌফিক প্রথম আলোকে বলেন, ‘এমএলএমে আমাদের গ্রাহকসংখ্যা ২৫ হাজারের মতো। আর মেয়াদি আমানত মূলত ঢাকায় হয়। এখানে অল্প কিছু গ্রাহক আছে।’ তিনি স্বীকার করেন, যদি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কেউ ব্যাংকিং করে সেটা অবৈধ। একই সঙ্গে তিনি স্বীকার করে বলেন, ‘চট্টগ্রামে মেয়াদি আমানত সংগ্রহের জন্য আমাদের কোনো সমবায় লাইসেন্স নেই।’ তবে নিউওয়ে ‘নীতিমালা মেনে চলছে’ বলে তিনি দাবি করেন। সরকারের বক্তব্য: সম্প্রতি জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আইন অনুযায়ী কোনো সমবায় প্রতিষ্ঠান ব্যাংকিং কাজ করতে পারবে না। কোনো সমবায় সমিতির বিরুদ্ধে ব্যাংকিং কাজ পরিচালনার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ দেশের আরেকটি কথিত এমএলএম কোম্পানি ডেসটিনি এই আইন ভঙ্গ করে অবৈধ ব্যাংকিং করায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে সৈয়দ আশরাফ জানান।