অবৈধ ভবন নির্মাণ বন্ধ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে বোরাক রিয়েল এস্টেটের নির্মাণাধীন ৩০ তলা ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বেআইনিভাবে এই বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের দায়ে নির্মাতা প্রতিষ্ঠানকে ৩২ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী নির্মাতা প্রতিষ্ঠানকে এ শাস্তি দেন। অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।১৪ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় ‘১৪ তলার অনুমোদন নিয়ে ৩০ তলা! শিরোনামে সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এ ব্যবস্থা নেয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ও ১৫ অক্টোবর এবং গতকাল পরিবেশ অধিদপ্তরে তিন দফা শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে পরিবেশ অধিদপ্তরের একটি দল দুই দফা ভবনের নির্মাণকাজ পরিদর্শন করে। পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাদের শুনানি গ্রহণ, রেকর্ড ও নথিপত্র পরীক্ষা এবং সরেজমিনে তদন্তের পর পরিবেশ অধিদপ্তর নিশ্চিত হয়েছে যে, এ প্রকল্পে পরিবেশ আইন চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। এ ক্ষেত্রে আইন লঙ্ঘনের অধিকাংশ দায়দায়িত্ব বোরাক রিয়েল এস্টেটের ওপর বর্তায়। কিন্তু ভূমির মালিক হিসেবেও সিটি করপোরেশন গাফিলতির পরিচয় দিয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশনেরও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সিটি করপোরেশন আগামী রোববার লিখিত বক্তব্য দাখিলের জন্য সময় চেয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবন নির্মাণের আগে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী অবস্থানগত ছাড়পত্র নেওয়া উচিত ছিল। এটি আইন অমান্যতার এক দুঃখজনক নজির। এ ছাড়া চুক্তিতে ১৪ তলা ভবন নির্মাণের উল্লেখ রয়েছে। ৩০ তলা ভবন নির্মাণের কথা উল্লেখ নেই। এ ধরনের প্রকল্পের জন্য সবুজ এলাকা, উন্মুক্ত স্থান, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থা থাকা অত্যাবশ্যক। এসব না থাকায় নগর ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে। এমনকি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) অনাপত্তিপত্রও নেওয়া হয়নি। এসব নিশ্চিত করার দায়দায়িত্ব নির্মাণকারী প্রতিষ্ঠানের ওপর বর্তায়।পরিবেশ অধিদপ্তর বলেছে, এ ধরনের অধিক উচ্চতার ভবন নির্মাণের আগে রাজউক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বিত মতামত ও দিকনির্দেশনা নেওয়া অপরিহার্য।শুনানিতে অংশ নেন বোরাক রিয়েল এস্টেটের পক্ষে পরিচালক মো. মীমশাদ রহমান, প্রধান স্থপতি রাধা গোবিন্দ দেবনাথ এবং আইন উপদেষ্টা এস এম বক্স। তাঁরা পরিবেশ অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্তে একমত পোষণ করেন এবং পরিবেশ ছাড়পত্র গ্রহণ করে সব নির্দেশনা মানার অঙ্গীকার করেন।