অবৈধ আন্তর্জাতিক টেলিযোগাযোগ (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল—ভিওআইপি) ব্যবসা কমছে না। একদিকে বিটিআরসির অভিযান আর অন্যদিকে ৪০ শতাংশেরও বেশি অবৈধ ভিওআইপি ব্যবসা চলেছে একই সঙ্গে। ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রতিষ্ঠানগুলোও এ তথ্য সমর্থন করেছে। লোকবলের অভাবে এ অবৈধ কার্যক্রম পুরোপুরি থামানো যাচ্ছে না বলে জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ।জানা গেছে, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবসায় (ভিওআইপি) অবৈধ কল গত এক বছরেই বেড়েছে প্রায় ৪০ শতাংশ। মোবাইল ফোন কোম্পানিগুলোর পাশাপাশি বেসরকারি ল্যান্ডফোন (পিএসটিএন) সংযোগ দিয়েও চলছে অবৈধ ব্যবসা। বিটিআরসির একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পলাতক অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের অনেকেই এখন আবার সক্রিয়। গত এক বছরে বিটিআরসি প্রায় ৫০টি অভিযান চালালেও অবৈধ ভিওআইপি ব্যবসা চলছে। অবৈধ ভিওআইপি কলের কারণে সরকার সপ্তাহে প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি মিনিট আন্তর্জাতিক ফোনকল হওয়ার রেকর্ড রয়েছে। এর মধ্যে দুই থেকে আড়াই কোটি মিনিট কল হয়েছিল বৈধ পথে। ওই সময় কড়া নজরদারি ও অভিযান চালিয়ে অবৈধ কল রোধের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর গত বছরের জানুয়ারিতেই প্রায় আড়াই কোটি মিনিট বিদেশি কলের কোনো হিসাব পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, ওই আড়াই কোটি মিনিট বিদেশি কল হয়েছে অবৈধ পথে। অবশ্য ২০০৯ সালে সারা বছরে বিটিআরসির টানা অভিযানে বৈধ কলের সংখ্যা গড়ে দিনপ্রতি তিন কোটি মিনিটে উন্নীত হয়েছে। হিসাব নেই বাকি দেড় থেকে দুই কোটি মিনিটের। বিটিআরসি ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন স্থানে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পেয়েছে।বিটিআরসি সূত্র জানায়, চট্টগ্রামে এস টেল-এর সংযোগ (৩৯৩০০৮০৫৪১) ব্যবহার করে জনৈক সুমন খান গত ৬ ফেব্রুয়ারি প্রায় এক হাজার ৫০ ঘণ্টা কথা বলেন। এ প্রসঙ্গে বিটিআরসির কর্মকর্তারা জানান, ভিওআইপি কলের জন্য অতি প্রয়োজনীয় কোনো সার্কিটের সঙ্গে এই নম্বর অবশ্যই যুক্ত ছিল। না হলে এক দিনে মাত্র একটি নম্বরে এত ঘণ্টা কথা বলার হিসাব রেকর্ড হতে পারে না। একই ভাবে ওয়ারিদের একটি সংযোগ (০১৬৭৫৭৭৪৬১২) দিনে ব্যবহার করা হয়েছে প্রায় ১৫ ঘণ্টা করে। ন্যাশনাল ফোনের ০৩৭৪৫৬০৪৭৬৫ দিয়ে ৩০৮ ঘণ্টা এবং ০৩৭৪৫৬০২৪৩৮ দিয়ে দিনে ১৬ ঘণ্টার বেশি কথা বলা হয়েছে। ওয়ার্ল্ডটেল নম্বর ০৩০৭৭৭৪৫৩৫৩ দিয়ে দিনে আট ঘণ্টা, টেলিটকের ০১৫৫২২৪২৯৫১ নম্বর দিয়ে দিনে আট ঘণ্টা, ঢাকা ফোনের ০৬৬৬৩১০১৮৫৮ নম্বর দিয়ে দিনে ১১ ঘণ্টা, একটেলের ০১৮২২৮৬৯৩০৪ নম্বর দিয়ে দিনে ১০ ঘণ্টা, র্যাংকসটেলের ০৪৪৭২০০০৩৩৩ নম্বর দিয়ে দিনে কথা হয়েছে ১৪ ঘণ্টা। তবে তদন্তের স্বার্থে ব্যবহারকারীদের পরিচয় জানাতে রাজি হয়নি বিটিআরসির অবৈধ ভিওআইপি প্রতিরোধ কমিটি। কমিশনের নিয়ম অনুযায়ী, একটি সংযোগ দিয়ে দিনে পাঁচ ঘণ্টার বেশি কথা বলা হলে তা দিয়ে অবৈধ কোনো কর্মকাণ্ড বিশেষ করে অবৈধ আন্তর্জাতিক কল করা হচ্ছে বলে সন্দেহ করা হয়। এক মাস টানা কোনো সংযোগ এভাবে ব্যবহার করা হলে সংযোগ ব্যবহারকারীকে সতর্কীকরণ নোটিশসহ (প্রমাণ সাপেক্ষে) আইনগত পদক্ষেপ নিতে পারে কমিশন। এ পর্যন্ত বিটিআরসি অবৈধ ব্যবসায় জড়িত থাকার কারণে মোট আড়াই লাখ সংযোগ বন্ধ করে দিয়েছে। বাতিল করা হয়েছে ছয়টি ভিস্যাট লাইসেন্স। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ২০০৮ সালের ডিসেম্বরে বিটিসিএলের আন্তর্জাতিক কল ছিল প্রতিদিন গড়ে দুই কোটি মিনিটের বেশি। কিন্তু ২০০৯ সালের জানুয়ারির শেষে ভিওআইপি কল কমেছে প্রায় ৮০ থেকে ৮৫ লাখ মিনিট। পরবর্তী সময়ে আইএলডিটিএস পলিসির আওতায় আরও তিনটি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স দেওয়ায় বিটিসিএলের আন্তর্জাতিক কল দাঁড়িয়েছে দিনে ৫৬ লাখের মতো। বর্তমানে বিটিআরসির অভিযানের ফলে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৫ থেকে ৭৫ লাখ পর্যন্ত। তিনি বলেন, বিটিসিএল ও অন্য প্রতিষ্ঠানগুলো দিনে প্রায় দেড় থেকে দুই কোটি মিনিট কল অবৈধ ব্যবসায়ীদের কারণে হারাচ্ছে। ফলে সরকার প্রতি সপ্তাহে হারাচ্ছে গড়ে প্রায় ৩০ কোটি টাকা। যদিও গত বছরের ১৯ মে আন্তর্জাতিক কলের মূল্য মিনিটপ্রতি চার সেন্ট থেকে কমিয়ে তিন সেন্ট করা হয়েছে। ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সপ্রাপ্ত তিন বেসরকারি প্রতিষ্ঠান নভোটেল, বাংলাট্র্যাক কমিউনিকেশনস ও মীর টেলিকম ২০০৮ সালের আগস্টে কার্যক্রম শুরুর পর থেকে তাদের সম্মিলিত হিসাবে প্রতিদিন আন্তর্জাতিক কল হতো গড়ে ৫০ থেকে ৮০ লাখ মিনিট। ধীরে ধীরে এ কলের হার বাড়লেও চলতি বছরের শুরুতে ভিওআইপি কল কমেছে প্রায় ৩০ লাখ মিনিট। এ প্রসঙ্গে মীর টেলিকমের পরিচালক শামা ই জহির বলেন, ‘কাজ শুরুর পর যেভাবে কল বেড়েছিল, তা এখন নেই। হঠাত্ করেই কলের ঊর্ধ্বগতি থেমে গেছে।’ তিনি বলেন, অন্তত ৪০ থেকে ৪৫ শতাংশ বিদেশি কল এখনো অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের দখলে। ভিওআইপি উন্মুক্তকরণের মাধ্যমে অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব নয় । এতে করে যাঁরা এখন বড় পরিসরে অবৈধ ব্যবসা চালাচ্ছেন, তাঁরাই আবার ব্যবসার নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেবেন। গত তিন বছরে বিটিআরসি ভিওআইপির যেসব যন্ত্রপাতি জব্দ করেছে, তা জনসমক্ষে নিয়ে আসার দাবি জানিয়েন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে কোটি কোটি টাকার ভিওআইপির যন্ত্রপাতি আটক করা হলেও এর কিছুই এখন সরকারের হাতে নেই। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেগুলো আবার চলে যাচ্ছে অভিযুক্ত ব্যবসায়ীদের হাতে। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ সার্বিক বিষয়ে বলেন, বিটিআরসি সব সময় এই খাতের যাবতীয় অপরাধের বিরুদ্ধে। শনাক্তকরণ গ্রাফ ও সোর্সের মাধ্যমে এখন আরও সুনির্দিষ্টভাবে অপরাধ শনাক্ত করা সম্ভব। তা ছাড়া কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে প্রায় প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি অভিযান চালাচ্ছে। তবে সংশ্লিষ্ট সবার সহযোগিতা না পেলে কখনোই অবৈধ ভিওআইপি ব্যবসা রোধ করা সম্ভব নয়।