অবৈধ ভিওআইপি বন্ধে একই ব্যক্তি একাধিক লাইসেন্স পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ভিওআইপির ব্যবহার বন্ধে একই ব্যক্তিকে একাধিক ক্যাটাগরিতে লাইসেন্স প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত টেলিযোগাযোগ সেবা সংশোধিত নীতিমালার (আইএলডিটিএস) খসড়া অনুমোদিত হয়েছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, বেসরকারি খাতে আরও লাইসেন্স দেওয়ার সুবিধার্থে মন্ত্রিসভায় এ খসড়া অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী টেলিযোগাযোগ খাতকে ‘কুক্ষিগত’ না রেখে সবার জন্য অবাধ করে দিতে চান। এ জন্য আগের নীতিমালায় সংশোধন এনে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একাধিক ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়ার বিধান রাখা হয়েছে। আগে এক ব্যক্তির একটি লাইসেন্স পাওয়ার বিধান থাকায় অবৈধভাবে ভিওআইপি ব্যবসার প্রসার ঘটেছে বলে তিনি জানান।আবুল কালাম আজাদ বলেন, মন্ত্রিসভায় উপকূলীয় এলাকায় নতুন জেগে ওঠা জমি ভূমি মন্ত্রণালয়কে হস্তান্তর এবং সংরক্ষিত বন সৃষ্টির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার বনায়নের নামে বনাঞ্চল দখল এবং বন উজাড়ীকরণ প্রক্রিয়া রোধে এ প্রস্তাব অনুমোদন করেছে। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী ও পটুয়াখালীর উপকূলে ১২ লাখ ৩০ হাজার একর জমি বনায়নের জন্য সংরক্ষণ করা হয়। এখন নতুন করে আরও চার লাখ একর জমি উপকূলে জেগেছে। এসব জেগে ওঠা জমি ভূমি মন্ত্রণালয়কে হস্তান্তর করে চাষাবাদের (বনায়ন) ব্যবস্থা নেওয়া হবে।জ্যোতি বসুর জন্য শোক প্রস্তাব: আবুল কালাম আজাদ জানান, বৈঠকের শুরুতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে। এক শোক প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের জন্মলগ্ন থেকে তিনি ছিলেন এ দেশের মানুষের পাশে। মুক্তিযুদ্ধকালে তিনি পরম মমতায় এ দেশের এক কোটি মানুষের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছেন। গঙ্গার পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রাপ্তিতে তাঁর অবদান দেশবাসী চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ দীর্ঘদিনের এক শুভাকাঙ্ক্ষীকে হারাল।মন্ত্রিসভা জ্যোতি বসুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকের শেষ পর্যায়ে এমএলএসএস পদে লোক নিয়োগে বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক লিখিত পরীক্ষা নেওয়া নিয়ে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এমএলএসএস পদে লোক নিয়োগের জন্য বুয়েটের পরীক্ষা নেওয়ার দরকার কী? এ ছাড়া বৈঠকে বিমানবন্দরে শুল্কমুক্ত বিপণিবিতান বরাদ্দের অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন পেশ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দেওয়ার তাগিদ: বৈঠকের পর পরই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। তিনি অবিলম্বে ‘এক মুক্তি এক ভোট’ ভিত্তিতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দেওয়ার নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে প্রধান করে ইতিমধ্যেই একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।