অবৈধ ভিওআইপি ব্যবসা আবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু আন্তর্জাতিক টেলিযোগাযোগের (ভিওআইপি) অবৈধ ব্যবসার কারণে বছরে সরকারের ক্ষতি হচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসেই অবৈধ ভিওআইপি কল গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ৪০ শতাংশ।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিভিন্ন তথ্য পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। ২০০৯ সালের শুরু থেকে সরকার ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার কথা বললেও আজও তা বাস্তবায়িত হয়নি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালীদের সুবিধা দিতেই ভিওআইপি উন্মুক্ত করা হচ্ছে না। এখনো অবৈধ ভিওআইপির সঙ্গে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরাই জড়িত। অবৈধ ভিওআইপি কল ও তা থেকে সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টি জনসমক্ষে উঠে আসে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় থেকেই। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যাপক ধরপাকড়ের কারণে অবৈধ ভিওআইপি ব্যবসা প্রায় বন্ধ ছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে এসে আবারও শুরু হয়েছে অবৈধ এই ব্যবসা। বর্তমান সরকারের সময়: ২০০৯ সালের জানুয়ারিতে সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম বছরেই দিনপ্রতি প্রায় আড়াই কোটি মিনিট বিদেশি কলের কোনো হিসাব পাওয়া যায়নি। টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের ধারণা, ওই আড়াই কোটি মিনিট বিদেশি কল হয়েছে অবৈধ পথে। এ নিয়ে আলোচনা শুরু হলে বিটিআরসি টানা অভিযান শুরু করলে ২০০৯ সালের ডিসেম্বরে এসে বৈধ কলের সংখ্যা গড়ে দিনপ্রতি তিন কোটি মিনিটে উন্নীত হয়। বিটিআরসির তৈরি তথ্য অনুযায়ী, ২০১০ ও ২০১১—এই দুই বছর অবৈধ ভিওআইপির ক্ষেত্রে এগিয়ে রয়েছে সরকারি দুই টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও মোবাইল অপারেটর টেলিটক। এ নিয়ে বিরক্ত বিটিআরসি মন্ত্রণালয়কে বারবার জানালেও কোনো লাভ হয়নি। বর্তমানে নয়টি ‘গেটওয়ে’ প্রতিষ্ঠান মিলে চার থেকে সাড়ে চার কোটি মিনিট ইনকামিং কল দেশে আনলেও এখনো দেড় থেকে দুই কোটি মিনিটের কোনো হিসাব নেই। এ তথ্য বিটিআরসির। বিএনপি সরকারের সময়: ওই সময় তৎকালীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিটিবি—বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ড (বর্তমান বিটিসিএল) একাই বিদেশি কল আদান-প্রদান করত। ২০০৩ সালে বিটিটিবির পক্ষ থেকে তখনকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নামে অবৈধ ভিওআইপির অভিযোগ উঠেছিল। কিন্তু এর বিরুদ্ধে তেমন কোনো তৎপরতা ছিল না। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৎকালীন বিটিআরসি অবৈধ ভিওআইপি বিষয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে। সে সময় মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি (সাবেক একটেল), বাংলালিংক, সিটিসেলকেও অবৈধ ভিওআইপির অভিযোগে জরিমানা করে বিটিআরসি। বিভিন্ন অভিযানের কারণে সে সময় বিটিটিবির ইনকামিং কল উন্নীত হয় প্রতিদিন গড়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মিনিটে। দিনপ্রতি গড় ইনকামিং কল বাড়ানোর লক্ষ্যে ২০০৮ সালে বিটিআরসি ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন সার্ভিসের (আইএলডিটিএস) পলিসির আওতায় নয়টি গেটওয়ে লাইসেন্সও ইস্যু করে। সরকারের রাজস্ব ক্ষতি: বিটিআরসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি রোববার বৈদেশিক টেলিফোন (ইনকামিং) কল আসার পরিমাণ ছিল প্রায় ছয় কোটি মিনিট। ওই মাসের শুক্রবারগুলোতে গড়ে পাঁচ কোটি মিনিট বৈদেশিক কল বৈধ পথে এসেছে। আর পুরো মাসের অন্যান্য দিনে এই কলের হার কমেছে এক কোটি মিনিটেরও বেশি; যার পরিমাণ প্রায় চার কোটি মিনিট। ওই মাসের কিছু কিছু দিনে বৈধ পথে বৈদেশিক কলের পরিমাণ ছিল সাড়ে তিন কোটি মিনিটেরও কম। মোটামুটি একই ধারা বজায় ছিল ফেব্রুয়ারি মাসেও। তবে মার্চ মাসে গড় বৈদেশিক কলের পরিমাণ কিছুটা উন্নতির পথে, গড়ে চার কোটি মিনিট। সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে এর পরিমাণ গড়ে সাড়ে চার কোটি মিনিট বা সামান্য বেশি। কিন্তু এখনো হিসাব নেই বাকি দেড় থেকে দুই কোটি মিনিটের। বর্তমানে আন্তর্জাতিক কলের প্রতি মিনিট মূল্য সাড়ে তিন সেন্ট হিসাবে। ওই দেড়-দুই কোটি মিনিটের কারণে সরকার এক সপ্তাহে হারাচ্ছে প্রায় ৪০ কোটি টাকার বেশি। এ হিসাবে মাসে ১৬০ কোটি টাকা। বছরে এক হাজার ৯২০ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, আইএলডিটিএস পলিসির আওতায় আরও তিনটি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স দেওয়ায় বর্তমানে বিটিসিএলের আন্তর্জাতিক কল দাঁড়িয়েছে দিনে ৫৬ থেকে ৬৫ লাখের মতো। একই অবস্থা আইজিডব্লিউ লাইসেন্সপ্রাপ্ত তিন বেসরকারি প্রতিষ্ঠান—নভোটেল লিমিটেড, বাংলা ট্রাক কমিউনিকেশনস লিমিটেড ও মীর টেলিকমের। ওই তিনটি কোম্পানি ২০০৮ সালের আগস্টে কার্যক্রম শুরুর পর থেকে তাদের সম্মিলিত হিসাবে প্রতিদিন আন্তর্জাতিক কল হতো গড়ে ৬৮ থেকে ৯৫ লাখ মিনিট। ধীরে ধীরে এ কলের হার বাড়লেও চলতি বছরের শুরুতে বৈধ পথে ভিওআইপি কল কমেছে প্রায় ৪০-৪২ লাখ মিনিট।মামলা বা জব্দের কোনো ফল নেই: বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে বিভিন্ন সময় ঢাকা, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবৈধ ভিওআইপির মালামাল আটক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। প্রতিটি ঘটনায় একটি করে মামলাও হয়। কিন্তু সেই সব মামলার কোনোটি আদালতে গেছে বা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে, এমন ঘটনা নেই। বরং জব্দ করা মালামাল বা যন্ত্রপাতিগুলো কোথায় যাচ্ছে, সেই হিসাব বিটিআরসি কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনী দিতে পারেনি।নিশ্চুপ মন্ত্রণালয়: অবৈধ ভিওআইপি কমাতে বেশ কিছু সুপারিশসংবলিত একটি তদন্ত প্রতিবেদন গত ফেব্রুয়ারিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়। বিটিআরসির তথ্যমতে, মাত্র ৩৯ দিনে টেলিটকের তিন হাজার ৬২টি সংযোগে কথা বলা হয়েছে ২২ হাজার ১৬৭ বার। বিটিআরসিতে স্থাপিত বেলজিয়ামের এমইইউসিসিআই সলিউশনের সিম ডিটেকশন মেশিনের (সংযোগ শনাক্তকরণ যন্ত্র) দিয়ে এ তথ্য পাওয়া গেছে। জানতে চাইলে বিটিসিএল ও টেলিটকের বোর্ড চেয়ারম্যান এবং টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘বিটিসিএল ও টেলিটকের ভিওআইপি নিয়ে তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলোকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। তবে এত দিনের জঞ্জাল পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে।’ তবে বিটিআরসির সূত্রগুলো জানিয়েছে, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পলাতক অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের অনেকেই এখন সক্রিয়। কিন্তু রাজনৈতিক প্রভাববলয়ের কারণে এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারছেন না। গত তিন বছরে বিটিআরসি প্রায় ২০০ অভিযান চালালেও অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি। আবার বিটিসিএল ও টেলিটকের ভিওআইপি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত সম্পূর্ণ করতে পারেনি কমিটি। ভিওআইপির অবৈধ ব্যবসা বাড়ার আশঙ্কা: দেশে অবৈধ ভিওআইপি ব্যবসা চাঙা হওয়ার পেছনে বিটিআরসির আইএলডিটিএস নীতিমালাকে দায়ী করছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসসি) ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার স্বার্থে তাঁরা বলেন, তিন স্তরের অবকাঠামো তৈরি করেও অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করা সম্ভব নয়। ইতিমধ্যে দেশে নয়টি গেটওয়ে প্রতিষ্ঠান কাজ করছে। এরপর বর্তমান সরকার আরও ৭০-৮০টি গেটওয়ে লাইসেন্স ইস্যু করে এই অবৈধ ভিওআইপি ব্যবসা বাড়ানোর সুযোগ করে দিয়েছে। ভিওআইপি এতে আরও বাড়বে। এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, এতগুলো লাইসেন্স দেওয়ার পক্ষে বিটিআরসি কখনোই রাজি ছিল না। মন্ত্রণালয়ের ইচ্ছেতেই লাইসেন্স দেওয়া হচ্ছে।