অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জয় সম্পৃক্ত নন: বিটিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিওআইপি ব্যবসায় জড়িত—বিরোধীদলীয় চিফ হুইপের এই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম খাবীরুজ্জামান। একই সঙ্গে বৈদেশিক কলের (ইনকামিং কল টার্মিনেশন রেট) দাম তিন সেন্ট থেকে কমিয়ে দেড় সেন্ট করার সুপারিশ করেন তিনি।আজ সোমবার ইস্কাটনে বিটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান দাবি করেন, অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সজীব ওয়াজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, এমনকি তাঁর পরিচয় দিয়ে কোনো ব্যক্তিও বিটিসিএলে এসে কোনো ধরনের ভিওআইপি সংশ্লিষ্ট যন্ত্রাংশ দাবি করেননি।বাংলাদেশ থেকে এখনো ২০ শতাংশের বেশি অবৈধ ভিওআইপি কল হয় বলে স্বীকার করেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। ভিওআইপির হার শূন্যের কোটায় নিয়ে আসতে বৈদেশিক কলের রেট কমানোর সুপারিশ করেন তিনি। এতে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলবেন বলে তিনি বিশ্বাস করেন। শিগগিরই টেলিযোগাযোগবিষয়ক সংসদীয় কমিটি থেকে এ ধরনের একটি প্রস্তাব টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে পাঠানো হবে বলে তিনি জানান।পাশাপাশি দেশে ভিওআইপি লাইসেন্স উন্মুক্ত করতে নির্দিষ্ট দামে বা ভাড়ায় যত বেশি ব্যক্তিকে সম্ভব ই-ওয়ান (ভিওআইপি কাজের জন্য অবশ্য প্রয়োজনীয় যন্ত্রাংশ) সংযোগ দেওয়ার সুপারিশ করেন খাবীরুজ্জামান। তিনি বলেন, এতে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি রাজস্বও আসবে।