অবৈধ ভিওআইপি ব্যবসায় জয়ের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, দাবি বিএনপির
বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত তার প্রমাণ বিএনপির কাছে রয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। জয়নাল আবদিন আজ শুক্রবার রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ দাবি করেন।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গত কয়েক বছরে জয়ের অবৈধ ব্যবসার কারণে দেশের প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী তাঁর সরকারের এক বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর কথা বলেন। বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধিসংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যাচার উল্লেখ করে জয়নাল আবদিন বলেন এ সরকার এক মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনও বাড়াতে পারেনি।এদিকে গতকাল সংসদে জয়ের বিরুদ্ধে জয়নাল আবদিন উপরিউক্ত অভিযোগ উত্থাপন করলে ডেপুটি স্পিকার তাঁর মাইক বন্ধ করে দেন। এর প্রতিবাদে বিএনপি সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে। পরে আওয়ামী লীগের সাংসদদের দাবির মুখে জয়নালের দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকেও বাদ দেওয়া হয়।