অবৈধ ভিওআইপির ব্যবসার অভিযোগে পিপলস টেলের সুইস রুম বন্ধ করে দিয়েছে বিটিআরসি
অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার আরও একটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) পিপলসটেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ভিওআইপি-সংশ্লিষ্টতার অভিযোগে গত এক সপ্তাহে এ নিয়ে চারটি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে কার্যক্রম বন্ধ করে দেওয়া তিনটি প্রতিষ্ঠান হলো- ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল ও র্যাঙ্কসটেল। তবে গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে এ তিন পিএসটিএন অপারেটরের সুইচরুম চলতি সপ্তাহেই আবার চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।বিটিআরসি সূত্র জানায়, গতকাল রাত ৮টার পর থেকে র্যাবকে সঙ্গে নিয়ে বনানীতে পিপলস টেলের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে বিটিআরসি। তখন বনানীতে পিপলসটেলের তালাবদ্ধ প্রধান কার্যালয়ে কেউই ছিল না। এরপর প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক মেজর (অব.) নুরুন্নবীর বারিধারার বাসায় অভিযান চালান বিটিআরসি কর্মকর্তারা। সেখানে তারা ব্যাবস্থাপনা পরিচালককে পাননি। এরপর বিটিআরসি কর্মকর্তারা ঘুরে এসে পিপলস টেলের বনানীর প্রধান কার্যালয়ে ঢোকেন। এ বিষয়ে গুলশান থানায় বিটিআরসির পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।