অবৈধ রাষ্ট্রপ্রধানের নামে বিমানবন্দরের নাম হতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, পঞ্চম সংশোধনী বাতিলের সঙ্গে সঙ্গে জিয়াউর রহমানের সরকার অবৈধ হয়ে গেছে। তাই অবৈধ কোনো রাষ্ট্রপ্রধানের নামে দেশের প্রধান বিমানবন্দরের নাম হতে পারে না। এমন নামকরণ জাতির জন্য কলঙ্কের বলেও তিনি মন্তব্য করেন। শনিবার লন্ডনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পরে মন্ত্রী যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দীন মাস্টার। বক্তব্য দেন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ শরীফ, আবুল হাশেম, সৈয়দ ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, তারিফ আহমেদ, জামাল খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন করা। এই প্রক্রিয়ায় প্রবাসীদেরও সহযোগিতা চান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে জঙ্গিদের কাছে অর্থ সহায়তা যাওয়ার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। লন্ডন সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী জেনেভা ও ব্যাংকক হয়ে ২১ এপ্রিল ঢাকা ফিরবেন।