অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নিতে নতুন কমিটি
রাজধানীর মহানগর আবাসিক এলাকা থেকে অবৈধ রাসায়নিক কারখানা ও গুদামগুলো কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। এ জন্য বিসিকের চেয়ারম্যানকে প্রধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটি গঠন করে।আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে এ-সংক্রান্ত বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কারিগরি কমিটিও গঠন করা হয়।বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এর আগে এসব রাসায়নিক কারখানা ও গুদাম অপসারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি আজকের বৈঠকে প্রতিবেদন পেশ করে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কমিটি তাদের প্রতিবেদনে ১৪ দফা দীর্ঘমেয়াদি ও পাঁচ দফা স্বল্পমেয়াদি সুপারিশ করেছে। কারিগরি কমিটি এসব সুপারিশ বাস্তবায়নে কাজ করবে।