অবৈধ রিকশা বাড়ছে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই যুগ ধরে ঢাকা মহানগরে রিকশার নতুন কোনো লাইসেন্স দিচ্ছে না ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। অথচ রাজধানীতে দিন দিন বেড়েই চলেছে রিকশা। এগুলোর বেশির ভাগ চলছে বিভিন্ন সংগঠনের সাইনবোর্ড ও প্লেট লাগিয়ে। এর মধ্যে অনেক সংগঠন আদালতে রিট মামলা করে ডিসিসির অনুমোদন ছাড়া রিকশা ছাড়ছে নগরের সড়কে। ওই সংগঠনগুলোর রিকশা উচ্ছেদে আদালতের স্থগিতাদেশ থাকায় উচ্ছেদ অভিযানে তাদের রিকশায় হাত দিতে পারছে না ডিসিসি ও ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)। নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডিসিসির হুইল ট্যাক্স শাখার একাধিক কর্মী জানান, ডিসিসির লাইসেন্স দেওয়ার কার্যক্রম বন্ধ থাকায় ডিসিসি বছরে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অথচ একাধিক সংগঠনের নামে রিকশার প্লেট বিক্রি হচ্ছে। এভাবে সংগঠনগুলো লাখ লাখ টাকা কামাচ্ছে। একাধিক সূত্র জানায়, সম্প্রতি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) গণপরিবহন জরিপে (পিটিএস) নগরে রিকশার সংখ্যা আড়াই লাখ উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ১৯৮৬-১৯৮৭ অর্থবছরে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের (বর্তমান ডিসিসি) দেওয়া রিকশার লাইসেন্স ছিল ৮৮ হাজার ১৬০টি। ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরে ডিসিসির লাইসেন্স নবায়ন ফি আদায়ের হিসাব অনুযায়ী নগরে অনুমোদিত রিকশার সংখ্যা ৭৯ হাজার ৫৫৪টি। এসব হিসাব বিবেচনায় দেখা যাচ্ছে বিগত দুই যুগে ঢাকা নগরে রিকশা বেড়েছে প্রায় তিন গুণ। যার বেশির ভাগই ডিসিসির অননুমোদিত। এভাবে অনুমোদন ছাড়া কয়েকটি সংগঠনের নম্বরপ্লেট লাগিয়ে রিকশা চলছে।রিকশা-সংক্রান্ত ১৫টি মামলা লড়তে হচ্ছে বলে জানান ডিসিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। ডিসিসির রাজস্ব বিভাগ থেকে পাওয়া রিকশা-সংক্রান্ত মোকদ্দমার একটি বিবরণিতে দেখা যায়, ২০১০ সালের ৩০ মার্চ পর্যন্ত ১৩টি সংগঠনের সঙ্গে রিকশাসহ বিভিন্ন অযান্ত্রিক যানবাহন-সংক্রান্ত মামলায় লড়েছে ডিসিসি। সংগঠনগুলো হচ্ছে ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা পুনর্বাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী রিকশা ও ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ, মো. আলমগীর চৌধুরী গং, বাংলাদেশ মুক্তিযোদ্ধা রিকশা উন্নয়ন সোসাইটি, জাতীয় রিকশা ও ভ্যান শ্রমিক লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর রিকশা অ্যান্ড পুলার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ এবং নিরাপত্তা কমিউনিটি পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের অন্তর্ভুক্ত রিকশা ও ভ্যানের টোকেন সরবরাহ প্রকল্প এবং মুক্তিযোদ্ধা পরিবহন কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত রিকশা-ভ্যান চালক সমবায় সমিতি। এরমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ এবং নিরাপত্তা কমিউনিটি পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের অন্তর্ভুক্ত রিকশা ও ভ্যানের টোকেন সরবরাহ প্রকল্প এবং মুক্তিযোদ্ধা পরিবহন কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত রিকশা-ভ্যান চালক সমবায় সমিতির মামলা ডিসিসির পক্ষে খারিজ হয়েছে। অন্যান্য সংগঠনের মামলা আদালতে বিচারাধীন আছে। ঢাকা মহানগর রিকশা চোর প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, যেসব সংগঠনের মাধ্যমে মামলা হয়, তারা আসলে রিকশা মালিক বা রিকশাওয়ালাদের স্বার্থে মামলা করে না। তারা মূলত আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে সংগঠনের ব্যানারে ২০০ টাকা থেকে ৫০০ টাকায় রিকশার প্লেট বিক্রি করছে। এভাবে একেকটি সংগঠন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মামলার নিষ্পত্তি না হয়ে ঝুলে থাকলেই তাদের লাভ বলে তিনি জানান।এ প্রসঙ্গে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডিসিসির হুইল ট্যাক্স শাখার একাধিক কর্মী জানান, মামলায় লড়তে গিয়ে তাদের অর্থ ও সময় অপচয় হচ্ছে। একমাত্র ডিসিসি থেকে রিকশার লাইসেন্স দেওয়া আবার শুরু করলে সব ঝামেলা মিটে যেত। এতে বিভিন্ন সংগঠনের প্লেট বাণিজ্য বন্ধ করা যাবে। আবার ডিসিসির কোটি কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে। এ বিষয়ে ডিসিসির ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।