অবৈধ লাইসেন্স নিয়ে তথ্য বিবরণী ও মন্ত্রীর ভিন্ন কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে। একই সঙ্গে অবৈধ লাইসেন্সধারী চালকদের চিহ্নিত করে তাঁদের গাড়ি চলাচল থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো সরকারের তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। তবে রাতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে জানান, কমিটির বৈঠকে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ লাইসেন্সধারী চালকদের নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে এটিই ছিল কমিটিতে আমার প্রথম বৈঠক। মূলত মন্ত্রণালয়ের গত তিন বছরের কাজের অগ্রগতি নিয়ে কিছুটা আলোচনা হয়েছে।’তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, বৈঠকে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হয়, কাঁচপুর, মেঘনা ও দাউদকান্দি সেতুর প্রয়োজনীয় সংস্কার ও অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া ঢাকা-মানিকগঞ্জ সড়কের বাঁকগুলো সোজা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে আরও জানানো হয়, বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। বিশ্বব্যাংক অর্থ সাহায্য না দিলে পিপিপির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হবে। বৈঠকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল-২০১১ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, মো. জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মো. আবু জাহির, মো. গোলাম মাওলা ও অপু উকিল। সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ এন ছিদ্দিক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।