অবৈধ সম্পদ অর্জন মামলায় মায়া ও হাজি সেলিমের সাজা স্থগিত
অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া ও হাজি মোহাম্মদ সেলিমের সাজার কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুজনের পক্ষে স্থগিতাদেশ চেয়ে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের সাজার কার্যক্রম স্থগিত করা হয়েছে।আদালতে মায়া ও হাজি সেলিমের পক্ষে আইনজীবী ছিলেন আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আবদুল আজিজ খান।সাঈদ আহমেদ রাজা প্রথম আলোকে বলেন, আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের সাজার কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক নুরুল আমিন বাদী হয়ে মোফাজ্জাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন ২০০৭ সালের ১৩ জুন। ওই বছরের ২৮ সেপ্টেম্বর একই অভিযোগে দুদকের উপপরিচালক মাহবুব আলম বাদী হয়ে লালবাগ থানায় হাজি সেলিমের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মায়াকে ১৩ বছর সাজা দেন বিশেষ জজ আদালত। ওই বছরের ২৭ এপ্রিল বিচারিক আদালতে রায়ে হাজি সেলিমকেও ১৩ বছর সাজা দেওয়া হয়।গত বছরের ২০ মে দুজন বিচারিক আদালতে দুজন আত্মসমর্পণ করলে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্ট থেকে জামিনে দুজন মুক্তি পান। পাশাপাশি গত বছরের ৪ জুন দুজন নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। সর্বশেষ সাজার কার্যকারিতা স্থগিতের জন্য হাইকোর্টে আবেদন করেন। আজ এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশ দেন।