অবৈধ সম্পদ নেই, দাবি সৌমেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়ে তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আইন-বহির্ভূত সম্পদ থাকার কথা অস্বীকার করেছেন।আজ বেলা ১১টার কিছু আগে তিনি দুদক কার্যালয়ে হাজির হন। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে বেলা একটার দিকে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।দুদকের কাছে সৌমেন সেনগুপ্ত দাবি করেছেন, তাঁর আইন-বহির্ভূত কোনো সম্পদ নেই। কোনো অবৈধ আয়ও নেই। ছয়জনে মিলে তাদের টেলিকম কোম্পানিটি গড়ে তোলা হয়েছে। তিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। প্রত্যেক সদস্য ৬০ হাজার টাকা দিয়ে কোম্পানি শুরু করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্সের টাকার উত্স সম্পর্কে তিনি দাবি করেন, কোম্পানির একজন সদস্য ঋণ করে এই টাকা সংগ্রহ করেছেন। সৌমেন জানান, দুদকের তদন্ত কমিটির চাহিদা অনুযায়ী তিনি সব হিসাব দিয়েছেন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, সৌমেনের জবাব তাঁদের কাছে সন্তোষজনক না হলে নোটিশের মাধ্যমে তাঁর সম্পদের হিসাব চাওয়া হবে।সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স নেন সৌমেন। এই অর্থের উত্স নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলে ১৬ এপ্রিল অনির্ধারিত বৈঠকে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।৯ এপ্রিল গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল অঙ্কের টাকাসহ সুরঞ্জিত সেনগুপ্তর সাবেক এপিএস ওমর ফারুক, ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হক আটক হন। তাঁদের দাবি, তাঁরা রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করার লক্ষ্যে গাড়িচালক আলী আজম গাড়িটি সেখানে ঢুকিয়ে দেন।এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্ত ১৬ এপ্রিল রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রী। ইউসুফ আলীর মতো এনামুল হককেও সাময়িক বরখাস্ত করা হয় এবং ফারুককে অব্যাহতি দেওয়া হয়।দুদকের অনুসন্ধান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলো ডটকমকে জানান, মূলত লাইসেন্স কেনার পাঁচ কোটি টাকা কোথা থেকে এসেছে, তা জানতেই এই অনুসন্ধান করা হচ্ছে। সেনগুপ্ত টেলিকমিউনিকেশনের লাইসেন্স প্রাপ্তি ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করছে দুদক। এ ছাড়া সৌমেনের ব্যাংক লেনদেনসহ আয়কর নথিও খতিয়ে দেখছেন কর্মকর্তারা।দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া ও সহকারী পরিচালক মনিরুজ্জামানের সমন্বয়ে দুই সদস্যের দল সেনগুপ্ত টেলিকমিউনিকেশনের বিষয়ে অনুসন্ধান করছে।সৌমেনকে ২২ এপ্রিল দেওয়া দুদকের নোটিশে আজ বেলা ১১টার মধ্যে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে হাজির হয়ে টেলিকম লাইসেন্সের আর্থিক উত্স এবং তাঁর পারিবারিক সম্পদের তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল।