অবৈধ সম্পদ ভোগে ব্যর্থ হওয়ায় পদত্যাগ চাইছেন খালেদা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অবৈধভাবে অর্জিত বিপুল সম্পদ ভোগ করতে না পারায় ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের নেতা সরকার পদত্যাগের দাবি করছেন।’গতকাল মঙ্গলবার বিকেলে সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে কেমপিনস্কি হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সমালোচনা করেন।শেখ হাসিনা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিরোধীদলীয় নেতা ও তাঁর দুই ছেলে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হন এবং তাঁরা সরকারকে জরিমানা দিয়ে তাঁদের কালো টাকা সাদা করেন। একটি মার্কিন ফেডারেল আদালতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের দায়ে একটি মামলা শুরু হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া তাঁর পাঁচ বছরের শাসনামলে দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়া ইতিবাচক কিছুই দিতে পারেননি। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের অপকর্ম জনগণের সামনে উন্মোচিত হয়ে পড়ায় জনগণকে বিভ্রান্ত করতে তাঁরা সরকারের পদত্যাগের দাবি করছেন। যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখনই একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র এবং জনগণকে বিভ্রান্ত করছে।নারী উন্নয়ন নীতির বিরোধিতার জন্য খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, একজন নারী হয়ে তিনি কীভাবে নারী অধিকার নীতির বিরোধিতা করেন। ওই নারীনীতি সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য কার্যকর। জামায়াতে ইসলামীর মিত্র হিসেবে বেগম জিয়া দেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি মেনে নিতে পারছেন না।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সর্ব ইউরোপীয় নেতা অনিল দাশগুপ্ত, সুলতান মোহাম্মদ শরিফ, রহিমা আক্তার, হোসনে আরা বেগম ও সাইদুন্নাহার চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও মোস্তফা জালাল মহিউদ্দিন এমপিসহ অনেকেই। বাসস।