অবৈধ সম্পর্কের অপরাধে পাথর ছুড়ে হত্যা
অবৈধ সম্পর্কের অপরাধে এক নারী ও পুরুষকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব জেলার মুল্লাহকুলি গ্রামে। সেখানকার গভর্নর মোহাম্মদ আয়ুবের বরাত দিয়ে ডন অনলাইন আজ সোমবার এ খবরটি জানিয়েছে।মুল্লাহকুলি গ্রামটি এখন তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে। মুল্লাহকুলির অধিবাসী আবদুস সাত্তার বলেছেন, অবৈধ সম্পর্কের কথা স্বীকার করার পরে শতাধিক তালেবান জঙ্গি তাঁদেরকে লক্ষ করে পাথর ছোড়ে।আবদুস সাত্তার আরও বলেন, ওই পুরুষটি বিবাহিত এবং মহিলাটিও আরেকজনের বাগদত্তা। তা সত্ত্বেও তাঁরা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন।তালেবান জঙ্গিরা পাথর ছুড়ে হত্যা করার কথা স্বীকার করেছে। তারা বলেছে, ওই নারী ও পুরুষের মৃত্যু না হওয়া পর্যন্ত তাঁদের পাথর ছোড়া হয়েছে। অবৈধ সম্পর্কের অপরাধে ওই নারী ও পুরুষকে একটি খোলা মাঠে দাঁড় করিয়ে পাথর ছোড়া হয়। তাঁদের হাত পেছন থেকে বেঁধে রাখা হয়েছিল। আর এই হত্যাকাণ্ডের সপক্ষে তালেবান জঙ্গিরা যে যুক্তি দেখিয়েছে তা হলো, ইসলামি শরিয়া আইন অনুসারে অবিবাহিতদের মধ্যে যৌন সম্পর্ক বা বিবাহবহির্ভূত সম্পর্ক থাকলে শাস্তি হিসেবে পাথর ছুড়ে মারার বিধান রয়েছে।উল্লেখ্য, এই মাসের শুরুতে ব্যভিচারের অভিযোগে বাদঘিসের পশ্চিমাঞ্চলে তালেবান জঙ্গিরা একজন অন্তঃসত্ত্বা মহিলাকে চাবুক দিয়ে মেরে হত্যা করে। এ ধরনের ঘটনা আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সালের তালেবান শাসনামলের কথা স্মরণ করিয়ে দেয়।