অবৈধ স্থাপনা সরাচ্ছে না বিআইডব্লিউটিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা প্রশাসন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) বুড়িগঙ্গা তীরে তাদের অবৈধ স্থাপনা অপসারণ করতে প্রায় চার মাস আগে চিঠি দিলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুড়িগঙ্গা নদীর জায়গায় বিআইডব্লিউটিএর নির্মিত ২০৪টি পণ্যগুদাম ও দোকানঘর বা ট্রানজিট শেড রয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে তৈরি করা অবৈধ স্থাপনার তালিকায় এগুলোরও নাম আছে। অথচ এ সংস্থার ওপরই দেশের নদনদীগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত। পরিবেশবাদীরা বলছেন, অন্যদের হাইকোর্টের নির্দেশ মানাতে হলে দৃষ্টান্ত হিসেবে সরকারি সংস্থাটিকে নিজেদের স্থাপনাই আগে ভাঙা উচিত।গত ২৮ মার্চ ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে এক চিঠিতে হাইকোর্টের নির্দেশনার বরাত দিয়ে লেখেন, ‘বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন শহর ঢাকা ও সূত্রাপুর মৌজায় বুড়িগঙ্গা নদীর তীরে সাব-লিজ প্রদত্ত গুদামঘর ও ফলমূলের দোকান রয়েছে। উক্ত স্থাপনা অপসারণ করা প্রয়োজন। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে এই স্থাপনাগুলো অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।’ এই পর্যন্ত এ ব্যাপারে কিছুই করা হয়নি।অভিযোগ রয়েছে, বিআইডব্লিউটিএর নির্মিত ও বরাদ্দ দেওয়া বেশ কিছু দোকানের মালিকানায় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন নেতা এবং সরকারদলীয় লোকজন সরাসরি বা পরোক্ষভাবে জড়িত।এ বিষয়ে জানতে প্রথম আলো কয়েক দিন আগে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএর সঙ্গে আলোচনা চলছে। তারা বলেছে, যাদের বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া সম্ভব নয়। তাই বরাদ্দের সময়কাল পর্যন্ত দেখতে হবে।’ কিন্তু প্রথম আলোকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাদ্দ বাতিলে প্রয়োজনে টাকা ফেরতের আগ্রহের কথাই জানান। সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া বলেন, ‘ট্রানজিট শেডের বরাদ্দ আর নবায়ন করা হবে না। প্রয়োজনে বরাদ্দপ্রাপ্তদের টাকা ফেরত দেওয়া হবে। দোকানগুলো নিলামে দেওয়ারও চেষ্টা হচ্ছে।’ ২০০২ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে প্রথম মিলব্যারাক এলাকায় ট্রানজিড শেড নির্মাণ করা হয়। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উদ্ধার করা নদীর জায়গাতেই এসব স্থাপনা গড়ে তোলা হয়। পরে একে একে সদরঘাট টার্মিনালসহ অন্যান্য স্থানে নদীর পাড় এমনকি পানির মধ্যেও স্থাপনা নির্মিত হয়। দোকান বা শেডগুলোর কিছু লটারির মাধ্যমে এবং বেশির ভাগই তদবিরের মাধ্যমে বরাদ্দ হয়ে যায়। সাধারণত সরকারের আনুকূল্য পাওয়া লোকজন এগুলোর বরাদ্দ পান। বিআইডব্লিউটিএ নির্মিত ২০৪টি দোকান বা গুদামের মধ্যে সদরঘাট টার্মিনাল ভবন এলাকায় ২৭টি, পশ্চিম পাশে ছয়টি, পার্কিং ইয়ার্ডে ৪৬টি, শ্যামবাজার লালকুঠিঘাট ও আশপাশে ৪৮টি, বাদামতলী ঘাট এলাকায় ১০টি, মিলব্যারাক শ্মশানঘাট এলাকায় ৪০টি, উল্টিনগঞ্জ এলাকায় চারটি এবং ফতুল্লা এলাকায় নয়টি দোকান বা ট্রানজিট শেড রয়েছে। পার্কিং ইয়ার্ডের শেডগুলোর মধ্যে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে দুটি কক্ষের বরাদ্দ পান বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক। ২০১২ পর্যন্ত তাদের বার্ষিক বরাদ্দের টাকা পরিশোধ করা আছে। বিআইডব্লিউটিএর বন্দর বিভাগের চারজন কর্মকর্তা বেনামে কিছু দোকান বরাদ্দ নেন বলেও জানা গেছে। এদের মধ্যে একজন এখন অন্য বিভাগে কর্মরত। খালি দোকানও সরানো হচ্ছে না: ট্রানজিট শেড বা দোকানগুলোর মধ্যে মিলব্যারাক শ্মশানঘাট এলাকায় ১৯টি এবং ফতুল্লা লঞ্চঘাট এলাকায় নয়টি দোকান এখনো বরাদ্দ হয়নি। যেহেতু এগুলোর জন্য টাকা ফেরত বা কাউকে পুনর্বাসনের ব্যাপার নেই, তাই অপসারণ বা ভাঙার বিষয়েও কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু এ বিষয়েও বিআইডব্লিউটিএর কোনো তৎপরতার কথা জানা যায়নি। বরং এগুলোর বরাদ্দ পাওয়ার জন্য প্রভাবশালীসহ অনেকেই নিয়মিত তদবির করছেন। তবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেছেন, সব স্থাপনাই ভাঙা হবে। পুনর্বাসন প্রক্রিয়া ফাইলেই: গত ২৭ এপ্রিল বিআইডব্লিউটিএর এক সভায় সিদ্ধান্ত হয়, শেড খালি করে দেওয়ার জন্য ১৫ দিনের নোটিশ দেওয়া হবে। ব্যবহারকারীদের অন্য জায়গায় পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকেও চিঠি দেওয়া হবে। তবে বাস্তব অবস্থা হচ্ছে, ট্রানজিট শেডগুলো এখনো অক্ষত। পুনর্বাসনের ব্যবস্থা তা ফাইলেই বন্দী। খোঁজ নিয়ে জানা যায়, সদরঘাট টার্মিনাল ভবনের সামনে, বাকল্যান্ড বাঁধের ভেতরে, নদীর পাড় থেকে লালকুঠি ক্লাব এবং নর্থব্রুক হল রোডেও সরকারি খালি জায়গা রয়েছে। সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় বলে বিআইডব্লিউটিএর কর্মকর্তারাই স্বীকার করেন। ‘সরকারকেই দৃষ্টান্ত হতে হবে’: বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ এ বিষয়ে বলেন, সরকারি কর্তৃপক্ষগুলোকেই আগে অন্যদের কাছে আদর্শ হতে হবে। দেশের আইন মান্য করে উদাহরণ সৃষ্টি করতে হবে। সে জন্য বিআইডব্লিউটিএর এসব স্থাপনাই আগে ভাঙা দরকার। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ তো আছেই, এ ছাড়াও নদীবিষয়ক টাস্কফোর্সের সভায় সব অবৈধ স্থাপনা ভাঙার সুপারিশ করা হয়েছিল।