অবৈধ ৭২ লাখ টাকা, সাবেক কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে মামলা
৭২ লাখ ৫৮ হাজার টাকা অবৈধভাবে আয়ের অভিযোগে কাস্টমের সাবেক সুপারিনটেনডেন্ট শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল শনিবার সন্ধ্যায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এ এইচ রহমতউল্লাহ এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগে করা হয়, শাহাদাত হোসেন নিজের, স্ত্রী ও ছেলের নামে জ্ঞাত আয়ের বাইরে ৭২ লাখ ৫৮ হাজার ৪৫৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। কিন্তু দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, যা দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয় সূত্র জানায়, শাহাদাত হোসেন অবৈধভাবে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন এই মর্মে ২০০৮ সালে আমিরুদ্দিন দুদকে অভিযোগ করেন। যার নম্বর ১৪/২০০৮। ওই অভিযোগের ভিত্তিতে ৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় অনুসন্ধান চালায়। এতে শাহাদাত হোসেনের দেওয়া সম্পদের তথ্যের বিবরণীর সঙ্গে অর্জিত সম্পদের অমিল পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৩০ মার্চ প্রতিবেদন দাখিল করে দুদক।