অবৈধভাবে আটকে রাখায় র্যাবের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
মামলা দায়েরের আগে অবৈধভাবে আটকে রাখায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। র্যাবের কর্মকর্তা লে বি এন মোহাম্মদ ফিরোজ খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালকের (ডিজি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়।আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসামি মোহাম্মদ দোলনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্ট এ রায় দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৪ সালের ৫ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার মোহাম্মদ দোলনকে আটক করে র্যাব। পরের দিন ৬ অক্টোবর অস্ত্র আইনে ফতুল্লা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন র্যাব-৩-এর তত্কালীন লে বি এন মোহাম্মদ ফিরোজ খান।ওই মামলায় ২০০৫ সালের ১৪ জুলাই নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল মোহাম্মদ দোলনকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।আদালতে আসামিপক্ষে আইনজীবী মোসা. রানা কাউসার এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মোহাম্মদ মামুনুর রশীদ ও আসাদুজ্জামান মামলা পরিচালনা করেন।সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মোহাম্মদ মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সংবিধানের ৩৩(২) অনুচ্ছেদ অনুসারে আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এ ক্ষেত্রে আসামিকে ২৭ ঘণ্টা পর থানায় এবং ৪৮ ঘণ্টা পর কোর্টে হাজির করা হয়। র্যাবের কর্মকর্তা লে. বি এন মোহাম্মদ ফিরোজ খান এ আইন জেনেও নির্ধারিত সময়ের মধ্যে থানায় আসামিকে হাজির না করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।