অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে: সংসদে আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন, বর্তমান সরকার তার সব কিছুই করবে, যাতে ভবিষ্যতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখলের সাহস না পায়।আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদ তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ইতিমধ্যে উচ্চ আদালত পৃথক দুটি রায়ে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করেছেন। এ দুটি রায়েই অবৈধভাবে ক্ষমতা দখলকে বেআইনি ও সংবিধান-বহির্ভূত বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ওই রায়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের সংবিধান লংঘনের জন্য আইন প্রণয়ন করে শাস্তির সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের এ রায়ের আলোকে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।শফিক আহমেদ আরও বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী কর্মকাণ্ড, গণহত্যা ও যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন-১৯৭৩ এর অধীনে করা সম্ভব। এই বিচার সম্পন্ন করার জন্য সংবিধান সংশোধন করার প্রয়োজন নেই।শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের ২১৮টি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমানে ২০টি জেলা রেজিস্ট্রি অফিস ও ৬৩টি সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণ করার একটি প্রকল্প চলমান আছে।সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, জমি রেজিস্ট্রেশন পদ্ধতির আধুনিকায়ন করার উদ্দেশ্যে পর্যায়ক্রমে কম্পিউটারাইজেশন পদ্ধতি চালুর বিষয়টি সরকারের বিবেচনায় আছে। রিয়েল এস্টেট আইন পাসের মধ্য দিয়ে এ খাতে জাল-জালিয়াতির প্রবণতা হ্রাস পাবে।