অবৈধভাবে গাছ কাটা হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেকোনো মূল্যে বনভূমি রক্ষায় তাঁর সরকার কাজ করবে। পাশাপাশি অবৈধভাবে গাছ কাটার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন মাসব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’ ও মাসব্যাপী ‘জাতীয় বৃক্ষ মেলা-২০১০’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ সব ধরনের উন্মুক্ত স্থানে প্রত্যেককে অন্তত তিনটি গাছের চারা রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাহাড়ি বনাঞ্চলের উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের পাশাপাশি জলাশয়, উপকূলীয় এলাকা এবং বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য-সমৃদ্ধ এলাকা সংরক্ষণের মাধ্যমে দেশের ঐতিহ্য রক্ষা এবং ইকো-ট্যুরিজমের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে হবে।দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে দেশের বনজ সম্পদ বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সেখানে সবুজ বেষ্টনী তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষসম্পদ বাড়াতে সরকার এ বছর ১০৯ কোটি টাকা ব্যয়ে সারা দেশে দারিদ্র্য নিরসনে সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ করেছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষায় সরকার নিজস্ব তহবিল থেকে ৭০০ কোটি টাকার ‘জলবায়ু ট্রাস্ট তহবিল’ গঠন করেছে।বন্যপ্রাণী সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, নতুন করে বন্যপ্রাণী সংরক্ষণ আইন করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে সরকার গাজীপুরের শালবনে ৬৪ কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ স্থাপন করেছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার ও প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আবদুল মোতালেব। অনুষ্ঠানে নতুন প্রবর্তিত বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তিনজনকে বঙ্গবন্ধু পদক-২০১০ দেওয়া হয়। এ ছাড়া বৃক্ষরোপণের জন্য ১৬ জনের মধ্যে প্রধানমন্ত্রীর জাতীয় পদক-২০১০ এবং সামাজিক বনায়নে অংশ নেওয়ার জন্য ছয়জনকে চেক দেওয়া হয়।অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও জাতীয় বৃক্ষ মেলা উপলক্ষে ছয় টাকা মূল্যের স্মারক ডাকটিকিট ও ‘ফার্স্ব ডে কভার’ অবমুক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষ মেলা ঘুরে দেখেন। এ সময়ে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।