এই প্রতিবেদনের সঙ্গের ছবিটি তেজগাঁও সাত রাস্তার মোড়ে অবস্থিত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) একটি গণশৌচাগারের। বলে না দিলে শুধু দেখে ছবিতে ঠিক কী ঘটছে বোঝা মুশকিল। কারণ, এটি একটি গণশৌচাগার বা পাবলিক টয়লেট। এখানে ড্রাম দিয়ে তৈরি করা চলমান ট্যাংকে কারও এভাবে পানি ভরার কথা নয়। কিন্তু রাজধানীর আরও অনেক গণশৌচাগারের মতোই এখান থেকে অবৈধভাবে পানি বিক্রি হয়।এক ড্রাম পানির দাম ন্যূনতম ২৫ টাকা। রেস্তোরাঁগুলো এভাবে পানি নেয়। এলাকার বাসিন্দারাও অনেক সময় পানি সংগ্রহ করে। গণশৌচাগারগুলো স্পষ্টতই এ থেকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ আয় করছে। অথচ তারা অনেকেই পানি সরবরাহকারী ওয়াসারই বিল পরিশোধ করছে না। ওয়াসার অভিযোগ, অনেকের কাছ থেকেই তারা বছরের পর বছর ধরে পানির বিল পাচ্ছে না।সাত রাস্তার মোড়ের গণশৌচাগারটির ওপর একটি ঘর তুলে ভাড়া পর্যন্ত দেওয়া হয়েছে। উপস্থিত কর্মী আবদুর রহমানের ভাষ্য, তিনি সামান্য কর্মচারী। সিটি করপোরেশনকে জিজ্ঞেস করলে সব জানা যাবে।সাত রাস্তা শৌচাগারের এসব ব্যাপারের সুলুকসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে বড় এক অনিয়মের বিস্তারিত। রাজধানীতে ডিসিসির যে ৬৯টি গণশৌচাগার রয়েছে, তার মধ্যে অন্তত ৩২টি থেকে পানির কোনো বিলই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কোনো শৌচাগার প্রায় ২০ বছর, কোনোটি ১৬ বছর পর্যন্ত সময় ধরে বিল পরিশোধ করেনি। বাকি শৌচাগারগুলোর হিসাব এখনো চলছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত উল্লিখিত ৩২টি শৌচাগারের বকেয়া বিল হয়েছে এক কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ৯৬২ টাকা। অথচ জনসাধারণের কথা বিবেচনা করে পানির বিলের ক্ষেত্রে তাদের বিশেষ ছাড় দেওয়া হয়। ইজারাদাররা এই হ্রাসকৃত বিলও দেন না, উল্টো সরকারি পানি বিক্রি করে পকেট ভারী করছেন।কোনটির কত বকেয়া: ওয়াসা এককভাবে সবচেয়ে বেশি বিল পায় দয়াগঞ্জ ট্রাক টার্মিনাল শৌচাগারের কাছে। এখানকার বকেয়া ১৬ লাখ ৫০ হাজার ৯৯১ টাকা। এই শৌচাগারটি প্রায় ১৬ বছর বিল দেয়নি বলে ওয়াসা সূত্রে জানা গেছে। কাপ্তানবাজার পৌর মার্কেটের শৌচাগার দুটির কাছে বকেয়া ২৮ লাখ ৯৯ হাজার ৫৬৪ টাকা। তারা ২০০৪ সালের ডিসেম্বরের পর থেকে বিল দেয়নি। সায়েদাবাদ পার্ক (উত্তর-পূর্ব কোণ) শৌচাগারের কাছে বকেয়া ১২ লাখ ৩৫ হাজার ৬৪৮ টাকা। শাহবাগ সাকুরা মার্কেটের কাছে অবস্থিত গণশৌচাগারটির কাছে বকেয়া ১২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা।এ ছাড়া শাহবাগ শিশুপার্কের শৌচাগারের কাছে বকেয়া চার লাখ ৯৬ হাজার ৬৫৩ টাকা, মতিঝিল পার্ক শৌচাগারের কাছে এক লাখ ৬৪ হাজার ১৯৫, মুক্তাঙ্গন গণশৌচাগারের কাছে তিন লাখ ৩৯ হাজার ৭০০ এবং ওসমানী উদ্যান গণশৌচাগারের কাছে ছয় লাখ ৩৩ হাজার ৩৬ টাকা বকেয়া রয়েছে।সায়েদাবাদ টার্মিনালের শৌচাগারের (পূর্ব) কাছে আট লাখ দুই হাজার এবং পশ্চিম অংশের কাছে চার লাখ ৭০ হাজার টাকা বকেয়া পড়েছে। তবে ডিসিসির মতে, এ বিষয়ে আপত্তি থাকায় ওয়াসা নিষ্পত্তির চেষ্টা করছে।এ ছাড়া লাখ খানেক থেকে পাঁচ লাখ টাকার ওপরে পর্যন্ত বকেয়া যেগুলোর, সেগুলো হলো: গোলাপবাগ মাঠসংলগ্ন শৌচাগার, ধূপখোলা মাঠ বিপণিবিতান এলাকার ছয়টি শৌচাগার, কাপ্তানবাজার কসাইখানার কাছের শৌচাগার, চকবাজার শৌচাগার, আজিমপুর এলাকার দুটি শৌচাগার, মাদারটেক, গুলিস্তান নতুন ও পুরোনো, মতিঝিল মধ্য সার্কুলার রোড, কমলাপুর (এস আলম কাউন্টারের সামনে), সায়েদাবাদ পার্ক (পূর্ব-দক্ষিণ কোণ), পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, বাহাদুর শাহ পার্ক, দয়াগঞ্জ বাজার, নবাবগঞ্জ শিশুপার্ক এবং নবাবগঞ্জ বাজারের কাছের শৌচাগার।দুই কর্তৃপক্ষের বক্তব্য: ওয়াসা সূত্র জানায়, এসব শৌচাগারের বিষয়ে ডিসিসিকে জানিয়েও কোনো লাভ হয়নি। কয়েকটির সংযোগ বিচ্ছিন্ন করার পর আবারও অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। বকেয়া পরিশোধের তাগিদ দেওয়ার পর শৌচাগার উঠে যাওয়ারও নজির আছে।নিউমার্কেটের দক্ষিণ গেট এলাকার নারী শৌচাগারটির ইজারাদার ছিলেন জনৈক মো. আবদুল করিম। বকেয়া পরিশোধ না করে একসময় তিনি গা-ঢাকা দেন।ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী জানান, ডিসিসিকে তাগিদ দেওয়া হয়েছে। সরকারি আরও অনেক প্রতিষ্ঠানের কাছেও ওয়াসার পানির বিলের প্রচুর বকেয়া রয়েছে। গত বছর এ জন্য অভিযান চালানো হয়েছিল। এ বছর আবারও হবে।নাম প্রকাশ না করার শর্তে ডিসিসির রাজস্ব বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, শৌচাগার ইজারাদারদের কেউ কেউ নানা বাহানায় বিল পরিশোধ করেন না। ডিসিসি একাধিক শৌচাগার ভেঙেও দিয়েছে। তবে এর একটি স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে।যোগাযোগ করা হলে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বিষয়টির খোঁজ নেবেন বলে জানান।ওয়াসার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, রাস্তা খোঁড়াসহ অনেক বিষয়ে ওয়াসাকে ডিসিসির মুখাপেক্ষী থাকতে হয় বলে পানির বিলের জন্য ঠিকভাবে চাপও দেওয়া যায় না।এদিকে ডিসিসিও ওয়াসার কাছে বিভিন্ন স্থাপনার করসহ বেশ কিছু টাকা পায় বলে দাবি করেছেন ডিসিসির রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা। তিনি জানান, সমন্বয় করলে হয়তো দেখা যাবে, ওয়াসার কাছেই ডিসিসি পাল্টা বিল পায়।নাম প্রকাশ না করার শর্তে একজন ইজারাদার জানান, অনেক সময় বিলের টাকা পরিশোধ করলেও ডিসিসির খাতায় ঠিকমতো তা তোলা হয় না বলে তাঁর ধারণা।দুর্গন্ধময় পরিবেশ: গণশৌচাগারগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় ইজারাদারদের বিশেষ চেষ্টা আছে, সরেজমিনে দেখলে তা মোটেই মনে হয় না। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও আশপাশের এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ৪০ কোটি টাকার বেশি ব্যয় হলেও সংলগ্ন গণশৌচাগারটির পাশ দিয়ে হাঁটতে গেলে এখনো নাকে রুমাল চাপা দিতে হয়। সম্প্রতি একদিন গুলিস্তান পার্ক এলাকার শৌচাগার ব্যবহার করে বের হওয়া জনৈক আবদুস সাত্তার প্রথম আলোকে বিরক্তির সঙ্গে জানান, নিতান্ত অসুবিধায় না পড়লে তিনি আর গণশৌচাগার ব্যবহার করবেন না।মেয়র সাদেক হোসেন খোকা এ প্রসঙ্গে জানান, গণশৌচাগারগুলো নিয়মিত পরিষ্কারের নির্দেশ আছে। তবে তা ঠিকমতো করা হয় না। এবার তিনি ডিসিসির নিজস্ব পরিচ্ছন্নতা-কর্মীদের কাজে লাগাতে চেষ্টা করবেন।