অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া ঠেকাতে সক্রিয় থাকবেন পর্যবেক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন জানিয়েছেন, পর্যটক ও ছাত্র সেজে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া ঠেকাতে বিমানবন্দরে তিনটি পর্যবেক্ষণ দল রাখা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, এ দল মালয়েশিয়াগামী প্রতিটি ফ্লাইটে অভিযান চালাবে এবং সন্দেহভাজনদের বিমান থেকে নামিয়ে আনবে। সম্প্রতি মালয়েশিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে চার-পাঁচ বছর ধরে আছেন, অথচ কাজের অনুমতিপত্র নেই, শুধু এমন অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ করা হবে। ১১ জুলাই থেকে এ বৈধকরণ কার্যক্রম শুরু হবে। তবে উপরিউক্ত শর্ত প্রযোজ্য নয়, এমন কেউই এ সুযোগ নিতে পারবেন না।অবৈধ শ্রমিকদের বৈধ করার সিদ্ধান্তের কথা জানিয়ে একশ্রেণীর দালালেরা বলছেন, এখন মালয়েশিয়া গেলেই বৈধ হওয়া যাবে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বিমানবন্দর সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় বৈধ হওয়ার লোভে গিয়ে অবৈধ হওয়ার ফাঁদে পা দিচ্ছেন অনেকে। প্রতিদিনই কয়েক শ বাংলাদেশি ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজের জন্য থেকে যাচ্ছেন।খন্দকার মোশারফ হোসেন জানিয়েছেন, এভাবে যাওয়া লোকজন কেউ বৈধ কর্মী হতে পারবেন না। কারণ, এখন যাঁরা মালয়েশিয়ায় যাচ্ছেন, তাঁদের সবার আঙুলের ছাপ রেখে দেওয়া হচ্ছে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এভাবে কেউ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে উল্টা তাঁরা সে দেশে গ্রেপ্তার হয়ে জেলে যেতে পারেন। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছেন, মালয়েশিয়ায় শ্রমিক বৈধকরণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত বিমান বন্দরে অভিযান চলবে। এর পাশাপাশি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় মালয়েশিয়া দূতাবাসকে সে দেশে ভিসা দেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হবে।