অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে ১৫ জনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই মিয়ানমারের নাগরিক। শনিবার রাত ১০টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই মিয়ানমারের মংডু টাউনশিপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিরা জানান, জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা স্থানীয় দালালদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য তাঁরা জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা করে অগ্রিম দেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর দালালদের নিয়োজিত ব্যক্তিদের হাতে দেওয়ার কথা ছিল। তাঁরা বলেন, দালালদের ব্যবস্থাপনায় তাঁরা কয়েক দিন আগে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। পরে মালয়েশিয়ায় রওনা দেওয়ার আগে পুলিশের হাতে ১৫ জন ধরা পড়েন। তাঁদের মধ্যে ২০ জন পালিয়ে যান। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে শাহপরীর দ্বীপকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, বৈদেশিক আইনে মামলার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ রোববার যেকোনো সময় তাঁদের আদালতে পাঠানো হবে। দালাল চক্রের সদস্যদের আটক করার চেষ্টা চলছে।