অবৈধভাবে যারা ধর্মঘট ডেকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: নৌপরিবহনমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শ্রম আইন লঙ্ঘন করে যারা অবৈধভাবে ধর্মঘট ডেকেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। আইন লঙ্ঘনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আজ রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।মন্ত্রী বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিতে এ ধরনের ধর্মঘট ডাকছে। তিনি বলেন, এ ধর্মঘট বিধিসম্মত নয়। শ্রম আইন অনুযায়ী যেকোনো ধর্মঘট ডাকার ১৫ দিন আগে নোটিশ দিতে হয়। এ ছাড়া ধর্মঘট দেওয়ার জন্য ভোটগ্রহণ করতে হয়। ৭৫ শতাংশ শ্রমিক যদি ধর্মঘট ডাকার পক্ষে ভোট দেয়, তবেই তারা ধর্মঘট ডাকতে পারে।মন্ত্রী বলেন, এ ধর্মঘট পুরোপুরি ব্যর্থ। কোনো শ্রমিকই ধর্মঘট মেনে নেননি। যে কারণে বিভিন্ন রুটে নৌযান চলছে। তিনি বলেন, গত ১৭ মাসে নৌশ্রমিকেরা চারবার ধর্মঘট আহ্বান করেছেন। তাঁরা সরকারকে জিম্মি করে নানা ধরনের অযৌক্তিক দাবি জানিয়ে এসব ধর্মঘট ডাকছেন।ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না, জানতে চাইলে শাজাহান খান বলেন, নৌশ্রমিক ফেডারেশনের কর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যাচ্ছে না।মন্ত্রী এ সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেডারেশনের কর্মীদের প্রতি যোগাযোগ করার আহ্বান জানান।মন্ত্রী আশা করেন, কাল সোমবারের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার করে নেবে নৌশ্রমিক ফেডারেশন।