অব্যবহৃত ব্যাংক হিসাবের টাকা গ্রাহককে ফিরিয়ে দেওয়ার সুপারিশ
ব্যবহার না হওয়া ব্যাংক হিসাবের টাকা গ্রাহককে না জানিয়ে ব্যাংকগুলো নিয়ে নিচ্ছে। গ্রাহককে এই টাকা ফিরিয়ে দিতে সুনির্দিষ্ট নীতিমালা করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। কমিটি অভিযোগ করেছে, দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকে অসংখ্য হিসাব (অ্যাকাউন্ট) আছে, যা দীর্ঘদিন থেকে ব্যবহার হয় না। অল্প টাকা থাকায় গ্রাহকেরাও খবর নেন না। ব্যাংকগুলো নির্দিষ্ট সময় শেষে এসব হিসাব বন্ধ করে দিয়ে টাকা নিয়ে নেয়। সংসদীয় কমিটি মনে করে, ব্যাংক থেকে গ্রাহককে অব্যবহূত হিসাবের বিষয়ে জানানো হয় না বলেই এমন ঘটনা ঘটছে। কমিটির অভিযোগ, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আজ পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন ব্যাংকের অব্যবহূত হিসাবে প্রচুর টাকা পড়ে থাকে। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক কখনোই এ বিষয়ে গ্রাহকদের কিছু জানায় না। ১০ বছর পরে তারা নিজেরা ওই টাকা নিয়ে নেয়, এটা অন্যায়। ব্যাংকগুলোর উচিত অ্যাকাউন্ট বন্ধ করার আগে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া। এ জাতীয় হিসাব থেকে এখন পর্যন্ত যে পরিমাণ টাকা ব্যাংকগুলো নিয়েছে, তা দ্রুত গ্রাহককে ফেরত দেওয়া উচিত।’ মুস্তফা কামাল জানান, বিভিন্ন ব্যাংকের অব্যবহূত হিসাবের টাকার পরিমাণ কত, তার হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। তাঁর মতে, গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিতে পারে। বৈঠক সূত্র জানায়, কমিটি বাজারে প্রচলিত টাকার রং ও আকার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। যে কারণে সাধারণ মানুষের অনেকের টাকা চিনতে অসুবিধা হচ্ছে।কমিটির সদস্য এম এ মান্নান সাংবাদিকদের বলেন, সর্বশেষ ছাপানো বিভিন্ন মূল্যমানের টাকার মান আসলেই খারাপ। সব কটি নোটের আকার প্রায় একই রকম। ২০ আর ৫০ টাকার নোটের পার্থক্য বোঝা যায় না। মূল্যমানের ভিত্তিতে টাকার আকার নির্ধারণ করা উচিত। কমিটি বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, মো. তাজুল ইসলাম, এম এ মান্নান, গোলাম দস্তগীর গাজী ও ফরিদা রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।