অব্যাহত দরপতনে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাঁরা এ দরপতনের জন্য ডিএসই ও এসইসিকে দায়ী করেছেন। তাঁদের মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও ডিএসইর কিছু ভুল সিদ্ধান্তের কারণে শেয়ারবাজারের এই অবস্থা। শেয়ারবাজারের অব্যাহত দরপতনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তাঁরা সত্বর এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের রক্ষা করার আহ্বান জানান।এদিকে আজ শেয়ারবাজারে সাধারণ সূচক প্রায় ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৯৭ পয়েন্টে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজ কমেছে। এর সংখ্যা ১৯২। মাত্র ৩৫টি প্রতিষ্ঠানের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে মোট ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সারা দিনে ঢাকা শেয়ারবাজারে লেনদেন হয়েছে মাত্র ৫৮৩ কোটি টাকার।এদিকে বড় মূলধনী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমে যাওয়ার ফলেই অব্যাহতভাবে সাধারণ সূচকের পতন ঘটছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ ওসমান। তিনি এ ক্ষেত্রে গ্রামীণফোনের কথা উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম হঠাত্ করেই কমে যাওয়ার ফলে বাজারে এর প্রভাব পড়েছে। এ ছাড়া আরও কয়েকটি বড় মূলধনী প্রতিষ্ঠানেরও শেয়ারের দাম কমে যাওয়ার ফলে বাজারে এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর মতে, হঠাত্ করে যেভাবে গ্রামীণফোনের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দাম বাড়ছিল, তাতে স্পট মার্কেটে এর লেনদেন শুরু করা এসইসির সঠিক সিদ্ধান্ত ছিল।তিনি আরও বলেন, সম্প্রতি ম্যারিকোর দাম বৃদ্ধি নিয়ে এসইসি যে তদন্ত করেছে, তাতে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বাজারকে স্বচ্ছ রাখতে এসইসির এ রকম উদ্যোগ কার্যকর বলে মনে করেন অধ্যাপক ওসমান। তবে তিনি মনে করেন, বাজারকে শক্তিশালী করতে নতুন শেয়ারের সরবরাহ বৃদ্ধির বিকল্প নেই।