অব্যাহত শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় আরও তিন কারখানা বন্ধ ঘোষণা
অব্যাহত শ্রমিক বিক্ষোভের কারণে গতকাল মঙ্গলবার আশুলিয়ার কলমার আউকপাড়া এলাকার ডাইনেস্টি গ্রুপের তিনটি কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আরও দুটি কারখানায় গতকাল ছুটি দেওয়া হয়। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতন-ভাতাসহ হাজিরা বোনাস ও নাশতার টাকা বাড়ানোর দাবিতে ডাইনেস্টি গ্রুপের ডাইনেস্টি সোয়েটার, ডাইনেস্টি ফ্যাশনস ও মিলেনিয়াম সোয়েটার নামে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বেশ কিছু দিন ধরে আন্দোলন করছেন। কর্তৃপক্ষ যুক্তিসংগত দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও শ্রমিকেরা দাবি পূরণে বিক্ষোভ করতে থাকেন। এ কারণে কর্তৃপক্ষ গতকাল বন্ধের নোটিশ টানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে গিয়ে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে। শ্রমিকেরা জানান, ঘরভাড়াসহ সব জিনিসের দাম যে হারে বাড়ছে, বেতন-ভাতা সে হারে বাড়ছে না। অথচ কর্মকর্তারা ঝুট বিক্রি করে এবং কৌশলে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছেন। এ কারণে তাঁরা আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি তুলেছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের যৌক্তিক দাবি না মেনে কারখানা বন্ধ করে দিয়েছে। একই দাবিতে গতকাল সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার কন্টিনেন্টাল সোয়েটারসহ জামগড়া এলাকার আরও একটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে কারখানা দুটি গতকাল ছুটি ঘোষণা করা হয়।কারখানা বন্ধ থাকায় বিষয়টি নিয়ে এসব কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। শিল্প পুলিশ আশুলিয়া জোনের সহকারী পরিচালক (ডিএডি) আবদুস সাত্তার শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান।