অব্যাহতি পাওয়া ব্যক্তিও আসামি!
পুলিশের ভুলে অব্যাহতি পাওয়া দুই ব্যক্তি আসামি। ফলে অব্যাহতি পাওয়া একটি প্লাস্টিক কারখানার দুই কর্মচারীকে আসামি হিসেবে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কারখানার মালিকের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা করে। পুলিশ কারখানার মালিক ও অব্যাহতি পাওয়া দুই কর্মচারীকে মামলার এজাহার কলামে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। এ ঘটনায় লালবাগ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর একে অপরকে দোষারোপ করছে। পুলিশ বলেছে, তদন্তে অপরাধী হিসেবে প্রমাণিত না হলে তাঁদের মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে। আইনজীবীরা জানান, আদালতের রায়ে দুজনকে অব্যাহতি দেওয়ার পর আবার তাঁদের আসামি করে মামলা করায় আসামিরা আইনগত সুবিধা নেবেন। মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে।জেলা প্রশাসক সূত্র থেকে জানা যায়, ২০ সেপ্টেম্বর ঢাকার লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত দুটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ তৈরির যন্ত্রপাতি ও কাঁচামাল উদ্ধার করেন। ভ্রাম্যমাণ আদালতকে নিয়মিত মামলার বিষয়ে যথাসময়ে অবহিত করা হলে এ ধরনের সমস্যা হতো না। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত বাবু প্লাস্টিক কারখানায় উপস্থিত দুজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই দুই কর্মচারী নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আদালত তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। কিন্তু পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা, মালিক ও কর্মচারীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত কারখানাটি সিলগালা করেন এবং পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আখতারুজ্জামান ওরফে টুকু প্রথমে কারখানার মালিকের বিরুদ্ধে একটি প্রতিবেদন দেন। পরের দিন লালবাগ থানায় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আখতারুজ্জামান কারখানার মালিক ও দুই কর্মচারীকে আসামি করে একটি প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের ওপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন শুধু মালিকের বিরুদ্ধে পরিবেশ লঙ্ঘন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার আদেশ দেন। তার পরও তিনজনকেই আসামি করে মামলা করা হয়েছে। ফলে আইনজীবীরা বিভ্রান্তিতে পড়ে গেছেন।আইনজীবীরা জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে উপস্থিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিধান রয়েছে। উপস্থিত ব্যক্তি যদি নিজেকে নির্দোষ দাবি করেন, তবে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে অর্থদণ্ড ও সাজা দিতে পারেন। কিন্তু উপস্থিত ব্যক্তি যদি দোষ স্বীকার করেন, তবে তাঁকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে কারখানায় উপস্থিত দুই কর্মচারী দোষ স্বীকার করায় এবং অপর এক কর্মচারী শিশু হওয়ার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কারখানার মালিক অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনলেও সে ক্ষেত্রে শুধু মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়। গত সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আখতারুজ্জান বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশেই থানায় এজাহার করা হয়েছে।মামলার এজাহারে তিন আসামির নামের বিষয়ে আখতারুজ্জামান বলেন, মামলার এজাহার শুধু মালিকের নামে করা হয়েছে। প্রসিকিউশন মামলার অভিযোগ ফরমে মালিক ও দুই কর্মচারীর নামে করা হলে আদালত শুধু মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। আদালতের নির্দেশমতো শুধু কারখানার মালিকের বিরুদ্ধে এজাহার করা হয়। থানার পুলিশ কিসের ভিত্তিতে তিনজনকে আসামি করেছে, তা বোধগম্য নয়। তিনি আরও বলেন, মামলার এজাহারের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপিও সরবরাহ করা হয়েছে। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, তিনি মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত কাগজপত্রের (জব্দ তালিকা) ভিত্তিতে তিনজনকে আসামি করেছেন। তবে তিনি স্বীকার করেন, মামলার এজাহারে শুধু কারখানার মালিকের নাম রয়েছে।