বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাযজ্ঞের মামলায় অভিযোগপত্র গ্রহণ করে বিডিআরের এক হাজার ৫০৪ জওয়ানকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত এ মামলার পলাতক ২১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেছেন।ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান গতকাল সোমবার এ আদেশ দেন। আদালত আসামিদের বিরুদ্ধে দেওয়া পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন আগামী ২৫ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন। তবে এক হাজার ৫০৪ জওয়ান এ মামলায় অব্যাহতি পেলেও তাঁদের বিরুদ্ধে বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের অভিযোগে করা মামলা চলবে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সূত্রে জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলার অভিযোগপত্র এ সপ্তাহের মধ্যে দাখিল করা হতে পারে। সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক রতন শেখ প্রথম আলোকে বলেন, সিআইডি তদন্তের দায়িত্ব নেওয়ার পর ১৬ মাস তদন্ত শেষে গত ১২ জুলাই বিডিআরের ৮০১ জওয়ানসহ ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে ২১ জওয়ানকে পলাতক দেখানো হয়। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেছেন। বিদ্রোহের ঘটনায় হত্যা, লুটপাট, লাশ গুমসহ ২৪টি ধারায় এক হাজার ৫০৪ জওয়ানের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ না থাকায় সিআইডি অভিযোগপত্রে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। তিনি আরও জানান, গতকাল আদালতে যেসব জওয়ানের জামিনের আবেদন করা হয়েছে, আগামী ৩ আগস্ট এ আবেদন শুনানির দিন ধার্য করা হয়েছে। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা এবং পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনাকর্মকর্তা, তিন নারীসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ মামলাটি তদন্ত করেন। তদন্তে সহায়তা করে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ড। তদন্তকালে দুই হাজার ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৩৯ জন বেসামরিক লোক। এ মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীকেও আসামি করা হয়েছে।