অভয়নগরে সন্ত্রাসী হামলায় প্রথম আলোর প্রতিনিধি আহত
যশোরের অভয়নগর উপজেলায় আজ বৃহস্পতিবার প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি মাসুদ আলমকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিত্সার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদি গ্রামের উলুবটতলা এলাকায় মাসুদ আলম এ হামলার শিকার হন।ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা তাত্ক্ষণিক যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দলী গ্রাম থেকে সাইকেলে করে নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন মাসুদ। পথে ধোপাদী গ্রামের উলুবটতলায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি পেটায়। এতে তাঁর বাঁ হাত ভেঙে যায় এবং কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালেক প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার পর সাংবাদিক মাসুদ কিছু “ক্লু” দিয়েছেন। সেই “ক্লু” ধরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। শুনেছি, দুর্নীতির একটি অনুসন্ধানী প্রতিবেদন লেখার কারণে সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ ক্ষুব্ধ হন। এর জের ধরে মাসুদের ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’স্থানীয় সাংবাদিকদের ভাষ্যমতে, ইউএনডিপির জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরে সম্প্রতি একাধিক প্রতিবেদন করেন মাসুদ আলম। এ কারণে স্থানীয় একটি মহল তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরে ইউপি চেয়ারম্যান পরিতোষের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।