অভাব ওদের বাধ্য করছে শ্রম দিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামার বাপ জেলত (হাজত) আছে। মাও হামাক এ হটেলত থুয়ে গেছে। হামি টেবিল মুছি, খাবার পানি দেই। সকাল থেকে বিকাল পর্যন্ত কাম করে তিন বেলা খাই। বাড়িত যাওয়ার সময় মালিক হামাক ২০ ট্যাকা দেয়।’নয় বছরের শিশু সাকিব হোটেলে কাজ করার বর্ণনা দেয় এভাবেই। জমিজমা নেই, বাবা হাজতে, মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। বড় ভাই রাকিবও জয়পুরহাট শহরের একটি হোটেলে বয়ের কাজ করে। সাকিবের সঙ্গে নাজমুল (১৪) ও আবুল বাশার (১৩) একই হোটেলে বয়ের কাজ করছে। নাজমুল ও আবুল বাশার তিন বেলা খেয়ে দিন শেষে পায় ৩০ টাকা করে। দরিদ্র আবুল বাশারের বাবা ভ্যানচালক। বাড়িভিটে ছাড়া তাদের কোনো জমিজমা নেই। নাজমুলেরও বাবাও হতদরিদ্র দিনমজুর। গত ২৪ আগস্ট জয়পুরহাট শহরের আইনজীবী সমিতির ক্যানটিনে গিয়ে দেখা যায় কাজ করছে ওই তিন শিশু। জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ক্যানটিনের মালিক নুরুল ইসলাম জানান, শিশু সাকিবের মা ঝরনা বেগম এসে তাঁর ছেলেকে হোটেলে কাজ করার জন্য খুব অনুরোধ করেন। তাঁর স্বামী হাজতে আছেন। তাই ছেলেকে ঠিকমতো খেতে দিতে না পারায় তাঁকে অনুরোধ করেন পেতে-ভাতে রাখতে। তিনি মানবিক দিক বিবেচনা করে শিশু সাকিবকে এ কাজের সুযোগ করে দেন।জেলার শিশুবিষয়ক কর্মকর্তা উমা রানী দাস জানান, শিশুরা কখনোই ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। তবে স্কুল করে কেউ যদি অভাবের তাড়নায় ঝুঁকিপূর্ণ কাজ বাদে অন্য কোনো হালকা কাজ করে তা করতে পারে। তবে প্রত্যেক শিশু যেন স্কুলমুখী হয়, এ ব্যাপারে কর্তৃপক্ষ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।