অভাব কেড়ে নিল ওদেরও কিডনি
জয়পুরহাটের কালাই উপজেলা সদর। সেখান থেকে সবুজ ফসলি মাঠের বুক চিরে উত্তর দিকে এগিয়ে গেছে পাকা সড়ক। সেই সড়ক ধরে গন্তব্য মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রাম। ভেরেন্ডি গ্রাম ইতিমধ্যেই পত্রপত্রিকা আর টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীদের বদৌলতে কিডনি বিক্রির গ্রাম হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। বেশ কিছুদিন ধরে এ গ্রামে গণমাধ্যমকর্মী, প্রশাসন, বেসরকারি সংস্থা এবং মানবাধিকার সংস্থার লোকজনের আনাগোনা প্রতিদিন লেগেই আছে। ভেরেন্ডি গ্রামের প্রবেশমুখের কাঁচা রাস্তায় পা দিতেই উ ৎ সুক লোকজনের জটলা। কেউ একজন বললেন, ‘কিডনির খোঁজ নিতে এসেছেন? গ্রামের ভিতর যান।’ কাঁচা রাস্তা ধরে কিছু দূর এগিয়ে ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পেছন দিয়ে গলিপথ ধরে এগিয়ে যেতেই দেখা মিলল, গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বললেন, ‘অভাব যে কী জিনিস, সেটা সেলিনার বাড়িতে না গেলে বোঝা যাবে না। অভাবে পড়ে সেলিনা, স্বামী-শ্বশুর, দেবরসহ পরিবারের চার সদস্যই কিডনি বিক্রি করে দিয়েছেন।’সেলিনার স্বপ্নভঙ্গওলিগলি পথ ধরে গ্রামের প্রায় শেষ প্রান্তে দেখা মিলল সেলিনার শ্বশুরবাড়ির। বাড়ির উঠোনজুড়ে স্যাঁতসেঁতে ময়লা-আবর্জনা আর গোবিষ্ঠার ভাগাড়। একটি কাঁচা ল্যাট্রিনও দেখা গেল সেখানে। এসব স্যাঁতসেঁতে নোংরা উঠোন ছেড়ে সেলিনার বাড়িতে যখন পা দেওয়া হলো, তখন ভরদুপুর। সেলিনা তখন ঘরের বারান্দার উনুনে দুপুরের রান্নায় ব্যস্ত। তিন বছর বয়সী শিশুকন্যাটি সেলিনার কোলে। এ এলাকায় কিডনি বিক্রির অনুসন্ধান করতে গিয়ে সেলিনার বাড়িতে আগেও আসা হয়েছিল। তাই নতুন করে পরিচয় দিতে হলো না। পত্রিকার লোক বাড়িতে দেখে বসার জন্য কিছু একটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। ততক্ষণে ঢুঁ মারা হলো সেলিনা-মেহেরুল দম্পতির আবাসস্থলে। টিনের ঘেরা ছোট্ট একটা ঘর। ওপরেও ছাপড়া টিনের ছাউনি। অনেকটা টং-ঘরের মতো। সেই ঘরে আসবাব বলতে একটা কাঠের চৌকি আর কাপড় রাখার আলনা। আলনায় পুরোনো কিছু জামাকাপড়। ঘরের বারান্দার একপাশে গোশালা। সেখানে দুটো গরু রাখার ব্যবস্থা। গোশালার অন্য পাশটায় সেলিনার পরিবারের খাবারঘর। খাবারঘরে রাখা ছিল কয়েকটা হাঁড়ি-পাতিল আর প্লেট-গ্লাস।উনুনে তখন ভাতের পাতিল চড়িয়ে দেওয়া হয়েছিল। সেলিনা কাটছিলেন কচুশাক। রন্ধনশালায় ঢুকে পড়ায় সেলিনা কিছুটা লজ্জা পাচ্ছিলেন। সেলিনার স্বামী মেহেরুল ইসলাম গোশালার অন্য পাশে চটের বিছানা পেতে ছয় বছর বয়সী বড় ছেলেটাকে নিয়ে রান্না শেষ হওয়ার অপেক্ষা করছিলেন। রান্না শেষ হলে স্বামী মেহেরুল ইসলাম, তিন বছরের ছোট মেয়ে ও ছয় বছর বয়সী ছেলের পাতে ভাত বাড়লেন সেলিনা। গরম ভাতের সঙ্গে কচুশাকের ডাল। সবার খাওয়া শেষ হলে সেলিনার সঙ্গে আলাপ শুরু করা হলো।সেলিনা বেগম বললেন, ‘প্রায় সাত বছর আগে, পল্লিগ্রামের আর দশটা মেয়ের মতো সুখের সংসার বাঁধার স্বপ্ন নিয়ে বধূ সেজে এসেছিলেন তিনি স্বামীর ঘরে। স্বামী মেহেরুল ইসলাম তখন অন্যের জমি বর্গা নিয়ে সবজির চাষ করতেন।সেলিনা বলেন, ‘দরিদ্র পরিবারে বউ হয়ে এলেও বিয়ের পর সংসারে সুখের অভাব ছিল না। মেহেরুলের সবজিচাষের আয়ে দিনগুলো ভালোই কাটছিল। বিয়ের বছর খানেকের মাথায় সবজিচাষের জন্য জমি পত্তন নিতে দুটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে হাজার ত্রিশেক টাকা ঋণ তুলেছিলাম। সংস্থার কিস্তিও শোধ দিচ্ছিলাম নিয়মিত। কিন্তু হঠা ৎ করে সেবার বর্ষায় সবজিখেত নষ্ট হয়। ৫০-৬০ হাজার টাকা লোকসান যায়। সবজিখেত নষ্ট হওয়ার শোকে স্বামী মেহেরুল মানসিকভাবে ভেঙে পড়েন। অসুস্থ হয়ে পড়েন কয়েক দিনের মাথায়। বন্ধ হয়ে যায় সংসারে উপার্জন। বকেয়া পড়ে এনজিওর কিস্তি। স্বামীর চিকি ৎ সার জন্য টাকা জোগাতে হাত পাততে হয় দাদন ব্যবসায়ীদের কাছে। চড়া সুদে দাদনের ওপর কিছু টাকা নিতে হয়। কিস্তির টাকার জন্য এনজিওর লোকজন বাড়িতে ধরনা দিতে থাকেন। দাদনের টাকার সুদ নিতে ঘুর ঘুর করতে থাকেন দাদন ব্যবসায়ীরাও। এনজিওর কর্মী আর দাদন ব্যবসায়ীদের চাপে তখন দিশেহারা প্রায়। একটার পর একটা এনজিও থেকে ঋণ নিই আর অন্য একটা এনজিওর কিস্তি শোধ দেই।’সেলিনা বেগম বলেন, ‘এনজিওর হুমকি-ধমকি আর ভয়ভীতির কারণে এরই মধ্যে আমার ছোট দেবর শাহারুল নিজের কিডনি বিক্রি করে দিয়ে দায় থেকে কিছুটা মুক্ত হয়। এলাকার এক দাদন ব্যবসায়ী আমার শ্বশুরকে ধরে নিয়ে মারধর করেন। আটকে দেওয়ার পর মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান। কোনো উপায় না পেয়ে শ্বশুর জাহান আলম মাত্র ৭০ হাজার টাকায় কিডনি বিক্রি করে দাদনের টাকা শোধ দেন।’সেলিনা বলেন, ‘একে একে সাতটি এনজিও থেকে ঋণ হয়ে গেলে কিস্তির চিন্তায় স্বামী-স্ত্রী দুজনেরই ঘুম হারাম হয়। সংসারে আয়-উপার্জন নেই। দুই সন্তানের ভরণপোষণ। প্রায়ই দিন খাবার জোটে না। ব্যাংক চেকের স্বাক্ষর করা ফাঁকা পাতা বন্ধক রেখে ঋণ নেওয়ায় এক এনজিও থেকে মামলা করার হুমকি দেওয়া হয়। কেউ কেউ কিস্তি না পেয়ে ঘরের টিন খুলে নেওয়ার হুমকি দেন। দুজনের ঘাড়ে তখন প্রায় চার লাখ টাকার ঋণের বোঝা। কোনো উপায় না পেয়ে ঋণ থেকে মুক্তি পেতে স্বামী-স্ত্রী দুজনই কিডনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিই।’সেলিনা বলেন, ‘শকুন যেমন মরা গরুর গন্ধ পেয়ে ভাগাড়ে ঘুর ঘুর করে; কিডনি বিক্রির খবর পেয়ে দালালেরাও ঘুর ঘুর করা শুরু করলেন। কিডনি বিক্রির জন্য এক দালাল প্রথমে আমাকে মাদ্রাজে নিয়ে গিয়েছিলেন। টিস্যু ম্যাচিং না হওয়ায় সেখান থেকে ফেরত পাঠানো হয়। মাস দুয়েক আগে ঢাকায় গিয়ে দুই লাখ টাকায় কিডনি বিক্রি করি। প্রায় একই সময়ে স্বামী মেহেরুলও দুই লাখ টাকার বিনিময়ে তাঁর কিডনি বিক্রি করে দেন। কিডনি বিক্রির টাকায় মুক্তি মেলে ঋণ থেকে।’সেলিনা বলেন, ‘একজন নারীর স্বপ্ন থাকে স্বামী, শ্বশুর-শাশুড়িকে নিয়ে সুখে-শান্তিতে সংসার করার। কিন্তু অভাব আমার সে স্বপ্ন ভেঙে দিয়েছে। দুজনের কিডনি বিক্রির টাকায় হয়তো এনজিও আর দাদন ব্যবসায়ীর হুমকি-ধমকি থেকে কিছুটা মুক্তি মিলেছে, কিন্তু বিনিময়ে আমার সব স্বপ্নই শেষ হয়ে গেছে। এখন স্বামী মেহেরুল চলাফেরা করতে পারে না। প্রায়ই অসুস্থ থাকে। কাজকর্ম করতে পারে না। আমার শরীরে অসুখ লেগেই থাকে। সংসারে ঠিকমতো কাজ করতে পারি না। বাচ্চাদের আদর-যত্ন করতে পারি না। রান্নাবাড়া করতে কষ্ট হয়। গোসলের পানি চাপতে পারি না। প্রস্রাব করতে কষ্ট হয়। কাটা জায়গায় ব্যথা করে। বমি বমি হয়। স্বামী-স্ত্রী মেলামেশা করতে পারি না। টাকার অভাবে চিকি ৎ সাও করাতে পারি না।’সেলিনা বলেন, ‘পরিবারের চারজন কিডনি বিক্রি করায় আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই এখন ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে। কিডনি বিক্রির কথা জানতে পেরে বাবার বাড়ির সবাই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। গ্রামের সবাই বাঁকা চোখে দেখছেন।’এসব কথা যখন বলছিলেন সেলিনা তখন স্বামী মেহেরুল তাঁর সামনেই বসে ছিলেন। কথা বলতে বলতে একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন সেলিনা। মেহেরুলও ডুকরে কাঁদতে থাকেন।রেবেকার সংসারে শুধুই হতাশাভেরেন্ডি গ্রামের আরেক দরিদ্র গৃহবধূ রেবেকা বেগমের জীবনের গল্পটা ঠিক সেলিনার মতোই ধূসর কষ্টের। স্বামী আবদুল ওহাব দিনমজুরি করে সংসার চালাতেন। অভাবে পড়ে একসময় বেসরকারি একটি সংস্থা থেকে ঋণ নেন রেবেকা। সেই যে ঋণের জালে জড়িয়ে গেলেন, আর বেরোতে পারেননি। একের পর এক বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছেন; আর দেনার দায় বাড়িয়েছেন।রেবেকা বলেন, ‘কিস্তি দিতে না পেরে স্বামী-স্ত্রী দুজনই মাস তিনেক পালিয়ে ছিলাম। বাড়িতে ফেরার পর একটি সংস্থার কর্মীরা আমাকে তুলে নিতে আসেন। শাড়ি ধরে টানাটানি করেন। ভয়ে আমি কয়েক দিন লুকিয়ে থাকি। আমার সন্তানকে তাঁরা মারধর করেন। কোনো কিনারা করতে না পেরে প্রথমে স্বামী এবং পরে আমি কিডনি বিক্রি করে দিই। বিনিময়ে আড়াই লাখ টাকার মতো পাই। ওই টাকাতেও এনজিওর ঋণ শোধ হয়নি। কিডনি বিক্রি করে দিয়ে সবাই শেষ। এখন জীবনের সবকিছুই অন্ধকার লাগে। হতাশায় কেউ ঘুমাতে পারি না। স্বামী-স্ত্রী কেউ কাজ করতে পারি না। শারীরিক অবস্থা খুবই খারাপ। অতীত দিনগুলোর কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে। অভাবে পড়ে শরীরের অঙ্গ বিক্রি করে যে কতটা সর্বনাশ ডেকে এনেছি; এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছি।’মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক বলেন, ‘অভাবে পড়ে এ এলাকার দরিদ্র শ্রেণীর কিডনি-বিক্রেতাদের তালিকায় বেশ কয়েকজন নারীকে খুঁজে পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। কয়েকজন অভাবী নিজের কিডনি বিক্রির পাশাপাশি স্ত্রীর কিডনি বিক্রি করে দিয়েছেন। অনেকেই স্ত্রীর কিডনি বিক্রির জন্য সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছিলেন। কেউ কেউ স্ত্রীর কিডনি বিক্রির জন্য একাধিক বিয়ে করছেন বলেও তথ্য পেয়েছি। জোর করে স্ত্রীর কিডনি বিক্রি করতে গিয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন এ এলাকার এক গৃহবধূ।