একসময় অভাব ছিল ওই গ্রামের খেটে খাওয়া মানুষের নিত্যসঙ্গী। অভাব মোচনে অনেকেই মহাজনের কাছ থেকে ঋণ নিতেন চড়া সুদে। ঋণের বোঝা সামলাতে গিয়ে নিঃস্ব হতেন অনেকেই। এসব মানুষের দুর্ভোগ দেখে কষ্ট অনুভব করতেন এক শিক্ষিত যুবক। তাঁদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। শুরু হয় তাঁর সমবায় প্রকল্প। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তাঁর সেই প্রকল্প আজ সফল। এই সাফল্যের সূত্র ধরে রংপুরের তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামে এখন নেই কারও না খেয়ে থাকার কষ্ট। গ্রামের গরিব মানুষকে স্বাবলম্বী করে তোলার এই কৃতিত্ব বাতেনুর রহমানের (৩৬)।শুরুতেই বাধা: উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে দোলাপাড়া গ্রাম। লোকসংখ্যা হাজার দেড়েক। এক যুগ আগে গ্রামের বেশির ভাগ মানুষ ছিলেন দিনমজুর। কাজ করলে খাবার জুটত, না জুটলে উপোস। বাতেনুর রহমান বলেন, গ্রামবাসীর এই কষ্ট তাঁকে নাড়া দেয়। সমমনা বন্ধু ও অন্যদের সঙ্গে আলোচনা করেন। একটি সমবায় সমিতি গড়ার চিন্তা মাথায় আসে তাঁর। ভাবেন, এর মাধ্যমে একটি তহবিল গঠন করতে পারলে তা গরিব মানুষের কাজে লাগবে। ১৯৯৫ সালে গ্রামের মহুবার রহমান, খাদেমুল, আবদুস সালাম, লাবলু মিয়া, হালিমের সহায়তায় তিনি গড়ে তোলেন দোলাপাড়া বিনোদন যুব সংঘ। তিনি তখন তারাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র। শুরুতে সদস্য ছিলেন ১৫ জন। তাঁরা সপ্তাহে ৩০ টাকা করে চাঁদা দিতে থাকেন। কিন্তু এক বছর না যেতেই বাধা। ঋণ দেওয়া মহাজনদের প্ররোচনায় এই সংঘের বেশির ভাগ সদস্য হতোদ্যম হয়ে পড়েন। শিগগিরই বন্ধ হয়ে যায় সমিতির কার্যক্রম।অদম্য ইচ্ছার জয়: বাতেনুর জানান, গরিব মানুষকে বাঁচানোর চিন্তা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারেননি তিনি। ১৯৯৯ সালে আবার নেমে পড়েন যুব সংঘের সদস্য জোগাড়ে। তাঁর অক্লান্ত চেষ্টায় ১৫০ জন নারী ও পুরুষ সদস্য হন। প্রতি সপ্তাহে ২০ টাকা করে চাঁদা দিতে থাকেন তাঁরা। ২০০১ সালে এই সমিতি নিবন্ধিত হয়। ২০০৩ সালে সুদসহ জমানো টাকা সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই টাকা দিয়ে সদস্যরা কেউ শুরু করেন চালের ব্যবসা, কেউ কিনলেন গাভি, কেউ খুলে বসলেন মুদির দোকান, কেউবা কিনলেন রিকশাভ্যান। এভাবে সমিতির সদস্যরা স্বাবলম্বী হয়ে ওঠেন।২০০৩ সাল থেকে সদস্য ফি বাড়িয়ে সপ্তাহে ২৫ টাকা করা হয়। এ সময় পুরোনো সদস্যদের সঙ্গে নতুন কয়েকজন সদস্য হন। ২০০৭ সালে আবার তাঁদের মধ্যে জমানো টাকা ভাগ করে দেওয়া হয়। এভাবে সমিতির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এই আর্থিক সুবিধা থেকে অভাব মোচন করে স্বাবলম্বী হয়ে ওঠেন। এখন এই সমিতির সদস্য রয়েছেন ১৫৫ জন।প্রতি চার বছর পরপর জমানো টাকা সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। নির্দিষ্ট কিছু টাকা রেখে দেওয়া হয় তহবিলে। এই টাকা থেকে সদস্যদের বিভিন্ন প্রয়োজনে সহজ শর্তে ঋণ দেওয়া হয়। এর মধ্যে সমিতির জমানো টাকা বিভিন্ন লাভজনক প্রকল্পে খাটিয়ে বাড়ানো হয়েছে আয়ের উৎস।এর মধ্যে বাতেনুর বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিয়ে করে স্ত্রী সোমাকে নিয়ে শুরু করেছেন সংসার। সমিতিতে নেতৃত্ব দেওয়া ছাড়াও পারিবারিক ৩০ একর জমিতে চাষবাস করছেন তিনি।দোলাপাড়ায় একদিন: সম্প্রতি এক সকালে দোলাপাড়ায় গিয়ে দেখা যায়, সেখানে বেশির ভাগ বাড়িতে চকচক করছে টিনের চাল। আধা পাকা বাড়িও আছে বেশ কয়েকটি। কোথাও শণ বা খড়ের কুঁড়েঘর নেই। বিনোদন যুব সংঘে গিয়ে দেখা যায়, সদস্যরা লাইন ধরে বাতেনুরের কাছে সাপ্তাহিক চাঁদার টাকা জমা দিচ্ছেন। এ সময় কথা হয় মনোয়ারা, রহিমা, আয়শা, জহরাসহ অনেকের সঙ্গে। তাঁরা জানান, গরু মোটাতাজাকরণ ও মাছ চাষ বিনোদন যুব সংঘের আয়ের মূল উৎস। ইজারা নেওয়া ১২ একর খাসপুকুর থেকে আসা টাকাও সংঘের তহবিলে জমা হচ্ছে। সেচ পাম্প থেকে কিছু আয় হয়। এক কিলোমিটার রাস্তায় লাগানো গাছ বিক্রির একটি অংশও তহবিলে জমা হয়। এ আয় থেকে আসা অর্থ কেবল সদস্যদের কল্যাণেই ব্যয় হয় না, গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান ও অসহায় মানুষের কাজেও লাগে।সমিতির সদস্য ফাতেমা বেগমের বাড়িতে দুটি টিনের ঘর রয়েছে। গোয়ালে আছে গাভি ও ছাগল। তিনি বলেন, একসময় তাঁর খড়ের ছাউনি দেওয়া ঘর ছিল, এখন টিনের ঘর হয়েছে। চাষবাসের জন্য তিনি জমি বন্ধক নিয়েছেন ২০ শতাংশ। ফাতেমা জানান, আট বছর আগে তিনি সমিতি থেকে দেড় হাজার টাকা ঋণ নেন। সেই টাকা দিয়ে হাঁস-মুরগি পালন করে যে আয় হয়, তা দিয়ে একটি বাছুর কেনেন। বাছুরটি বড় করে কোরবানির ঈদের সময় বিক্রি করে পান ১৬ হাজার টাকা। সেই টাকা দিয়ে সবজির ব্যবসায় নেমে বেশ উন্নতি করেছেন তাঁর স্বামী আনছার।সমিতির সদস্য অঞ্জনা খাতুন জানান, সমিতির টাকা থেকে তাঁর স্বামী মতলুবার বুড়িরহাট বাজারে মুড়ির দোকান করেছেন। জমি বন্ধক নিয়েছেন। কিনেছেন দুটি গাভি। এখন তাঁদের মাসিক আয় গড়ে সাড়ে ছয় হাজার টাকা। একসময় দিনমজুরি করে তাঁরা খেয়ে না খেয়ে দিন কাটাতেন।সামাজিক কর্মকাণ্ড: গ্রামের প্রতিটি পরিবারকে সমিতির পক্ষ থেকে সুলভে একটি করে পাকা শৌচাগার করে দেওয়া হয়েছে। স্বেচ্ছাশ্রমে সমিতির সদস্যরা ঈদগাহ মাঠে মাটি ভরাট করে, চারদিকে প্রাচীর তুলে গাছ লাগিয়েছেন। গ্রামের বিভিন্ন সড়কে সমিতির উদ্যোগে হয়েছে তিনটি কালভার্ট।গ্রামের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পেশার নারী-পুরুষ নিয়ে গঠিত হয়েছে সামাজিক কমিটি। এতে বিনোদন যুব সংঘের আটজন সদস্য রয়েছেন। গ্রামবাসীর মধ্যে পারস্পরিক বিরোধ মেটানো, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কমিটি।গ্রামের কৃষকদের জমিতে সেচ দেওয়ার জন্য বিনোদন যুব সংঘ তিনটি পাম্প মেশিন স্থাপন ও তিনটি স্যালোমেশিন কিনেছে। সেচব্যবস্থা সঠিকভাবে চলছে কি না, তা ঘুরে ঘুরে দেখাও সামাজিক কমিটির কাজ। বাজারে ধানের বীজের দাম বাড়লে এই কমিটির সদস্যরা কৃষকদের কম দামে বীজ সরবরাহের ব্যবস্থা করেন। প্রতিবারের মতো এ বছর বিনোদন যুব সংঘের মাধ্যমে ১০০ মণ বোরোর ধানবীজ ২০০ টাকা কম মূল্যে কৃষকদের সরবরাহ করা হয়েছে।তাঁরা যা বলেন: গ্রামের লোকমান হোসেন, তুহিনুর ইসলাম, আনিছুল হক বলেন, বাতেনুরের তুলনা হয় না। তাঁর পরামর্শে গ্রামের লোকজন সমিতিতে টাকা জমিয়ে তা কাজে লাগিয়ে অভাব তাড়িয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুল ইসলাম বলেন, ‘বিনোদন যুব সংঘের কর্মকাণ্ড প্রশংসার দাবিদার। তাদের কর্মকাণ্ড চোখের সামনে দেখেছি।’উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম ও পশুসম্পদ কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, কয়েক দিন আগে বিনোদন যুব সংঘের আয়োজনে গ্রামের দুই শতাধিক নারী-পুরুষকে ১০ দিনব্যাপী মৎস্য চাষ, গরু মোটাতাজাকরণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী বলেন, বাতেনুর রহমানের মতো মানুষ আজ সমাজে খুব প্রয়োজন।