অভিজাত আসবাবের সমাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের পলক পড়ে না মনোমুগ্ধকর নকশায়! মনের তেষ্টা মেটাতে হাত না বোলালেই নয়। শুধু কি হাতের ছোঁয়া, একটু না বসলে যেন অপূর্ণতা থেকে যায়। এ রকমের আসবাব ঘরে থাকলেই কেবল বাড়তে পারে আভিজাত্য। রাজকীয় হয়ে উঠতে পারে বৈঠকখানা। ‘ব্র্যান্ড ফার্নিচার ফেয়ার ২০১১’ শীর্ষক আসবাবের মেলায় আসা অনেক দর্শনার্থী এমন অনুভূতির কথা জানালেন। শৌখিন লোকেরা ছুটছেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসা সেই মেলায়।নগরে আসবাবপত্রের মেলা এর আগেও বসেছে। কিন্তু দেশের শীর্ষস্থানীয় ১০টি আসবাব নির্মাতা প্রতিষ্ঠান নিয়ে আয়োজন করা হয়েছে এই মেলার। যার আয়োজক বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আর পুরো আয়োজন ব্যবস্থাপনায় আছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার।মেলার ভেতরে ঢুকতেই আখতার ফানিশার্সের দৃষ্টিনন্দন একটি দোলনা নজর কাড়ছে সবার। মেহগনি কাঠের তৈরি এ দোলনা দেখতে যেমন, দামটাও কিন্তু তেমনি। কেনা হোক বা না হোক, ৯৯ হাজার ৭০০ টাকা দামের এ দোলনায় অনেকেই একটু দোল খেয়ে নিচ্ছিল। আখতারে আরও আছে এক লাখ ৬৫ হাজার টাকার আলমারি। আছে লাখ টাকার ডাইনিং টেবিল, বেডরুম সেট আর শোকেস।অন্যদিকে পারটেক্স ফার্নিচারের প্যাভিলিয়নের বিক্রয় কর্মকর্তা ইফতেখার বলেন, ‘এখানে তো সব প্রদর্শন করা যায় না। দেড় লাখ টাকা দামের খাটও আছে আমাদের। যেটি দেখতে হলে যেতে হবে ফার্মগেট কিংবা গুলশানের শোরুমে।’আরেক আসবাব প্রতিষ্ঠান ফার্নিটেক কিন্তু এমন খাটই মেলায় নিয়ে এসেছে। বার্মাটিকের তৈরি এ খাটের দাম পড়ছে এক লাখ ৪৫ হাজার টাকা। ফার্নিটেকের প্যাভিলিয়নে আরও আছে লাখ টাকার সোফাসেট ও ডাইনিং টেবিল।আসবাবের মেলায় এসেছিলেন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা চিকিৎসক আলী বেলাল। তিনি বলেন, ‘দাম বেশি হলেও ফার্নিচার কিন্তু টেকসই। সে জন্য বেশি টাকা দিয়ে জিনিস কিনলেও সমস্যা নেই।’শুধু লাখ টাকার ফার্নিচার বানিয়েই বসে থাকেনি আসবাব প্রতিষ্ঠান অটবি। সবার ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে তারা তৈরি করেছে মনোহর নকশার সব আসবাব। তাই অটবির আসবাবের প্রতি আগ্রহ সবার। মেলায় তাদের প্যাভিলিয়নে ঢুঁ মারছে অনেকে।মেলায় হাতিলের প্যাভিলিয়নে দেখা গেল একটি ‘স্টুডিও’। এখানে তিনজন ব্রিটিশ ডিজাইনারের সহায়তায় উপস্থাপিত হয়েছে বিশ্ববাজারের আধুনিক সব আসবাব। পাশেই হাতিলের অন্যান্য আসবাব শোভা পাচ্ছে। শুধু আসবাবই নয়, কাঠ দিয়ে যে মেঝে তৈরি করা যায় কিংবা টাইলস করা যায়, তা-ই জানালেন আসবাব প্রতিষ্ঠান নকশার একজন বিক্রয় কর্মকর্তা।মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কে এম আকতারুজ্জামান বলেন, ‘আমাদের দেশের যেসব প্রতিষ্ঠান বিদেশে ফার্নিচার রপ্তানি করে, তাদের নিয়েই এই আয়োজন। মেলায় সহজেই সবাই ব্র্যান্ডের ফার্নিচারগুলো একসঙ্গে পাচ্ছে। আমাদের ফার্নিচারের গুণগতমান আর সৌন্দর্য দিয়ে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা মেলার বড় একটি লক্ষ্য।’মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে আখতার ফার্নিশার্স, ব্রাদার্স ফার্নিচার, ফার্নিটেক ইন্ডাস্ট্রিজ, হাতিল কমপ্লেক্স, অটবি, লিগেসী ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, নাভানা ফার্নিচার, নকশা, পারটেক্স ফার্নিচার। মেলায় আসবাব বেচা হলে, তা দিন কয়েক পরে ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। দেশের শীর্ষস্থানীয় আসবাব প্রতিষ্ঠানগুলোর এ মেলার আজই শেষ দিন। মনোহর আসবাব দেখতে হলে যেতে হবে আজ রাত নয়টার আগেই।